জেল থেকে পালিয়েছে সাদ্দামের ভাইপো
ইরাকের কারাগার থেকে পালিয়েছেন সাদ্দাম হোসেনের ভাইপো আয়মান আল-সাবায়ি। তিনি সাদ্দামের সৎ ভাই সাবায়ি ইব্রাহিম আল-তিকরিতির ছেলে। সরকারি কর্মকর্তারা শনিবার এ তথ্য জানান।
আয়মান আল-সাবায়িকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সুন্নি বিদ্রোহে আর্থিক সহায়তা করার অভিযোগে বন্দি করে রাখা হয়েছিল মসুল শহরের উত্তর পশ্চিমাঞ্চলে বাদুশ কারাগারে। শনিবার স্থানীয় সময় বিকেল চারটায় তিনি পালিয়ে যান।
মসুল পুলিশ অপারেশন রুমের প্রধান ব্রিগেডিয়ার মোহাম্মদ আল-ওয়াকা রয়টার্সকে বলেন, কারাগারের একজন নিরাপত্তারক্ষী তাকে পালাতে সাহায্য করেছে। কিন্তু কিভাবে সেটি সম্ভব হল তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত সাবায়ির বাবা সাবায়ি ইব্রাহিম ১৯৯১ সালে ইরাকের সিক্রেট সার্ভিসের প্রধান ছিলেন এবং ’৯১ থেকে ‘৯৬ সাল পর্যন্ত জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেট-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে সাদ্দামের পতনের পর সাবায়ি ইব্রাহিমকে ধরিয়ে দিলে অথবা হত্যা করতে পারলে ওয়াশিংটন এক মিলিয়ন ডলার পুরষ্কারের ঘোষণা দেয়।
