আফগানিস্তানে গোত্রভিত্তিক শান্তি আলোচনায় যোগ দিতে পারে তালেবানরা
আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংসতা হ্রাসে প্রস্তাবিত গোত্রভিত্তিক পরিষদে ডাকা হলে তারা এতে যোগ দিতে পারে বলে জানিয়েছে তালেবানরা।
শনিবার তালেবানদের এক মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ গোপন অবস্থান থেকে স্যাটেলাইট টেলিফোনে বলেন, “তালেবানরা আফগানিস্তানের বৃহত্তম রাজনৈতিক ও সামরিক শক্তি। তাদের ছাড়া কোনো ব্যবস্থা সফল হতে পারে না।”
সরকার ও উভয় পক্ষের রাজনৈতিক নেতারা তালেবানদের মধ্য থেকে নরমপন্থী কয়েকজনকে আলোচনায় ডাকার পক্ষে মত দিয়েছিলেন।
এরপর সরকার বেশ কয়েকবার তালেবানদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের শর্তের কারণে সেসব উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। তালেবানরা শর্ত আরোপ করে, আলোচনায় বসার আগে সরকারকে বিদেশি সমর্থন ছাড়তে হবে।
তালেবান মুখপাত্র ইউসুফ দাবি করেন, গোত্রগুলোর প্রতিনিধি পরিষদ লয়া জিরগায় তাদের কখনই ডাকা হয়নি।
তবে ডাকা হলেও তাতে শর্ত আরোপ করা হতো বলে তিনি জানান।
ইউসুফ অভিযোগ করেন, “আফগানিস্তান ও পাকিস্তান সরকার পর্যায়ের প্রতিনিধিরাই এখন পর্যন্ত লয়া জিরগায় অংশ নিয়েছেন। এটা রাজনৈতিক সভা ছাড়া আর কিছুই নয়।”
তালেবানদের যারা দুর্বল ভাবে তাদের বোকা হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অব্যাহত হামলায় তালেবানরা ক্ষমতাচ্যুত হলেও গত বছরগুলোতে তাদের প্রতি জনসমর্থন বেড়েছে।
