ইরাক থেকে না সরলে আলোচনা নয়: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানশেহের মোত্তাকি বলেছেন, ইরাক থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা এলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হতে পারে।
শনিবার মানামায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক একটি বৈঠকে অংশ নিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এখন বাহরাইনে রয়েছেন।
মোত্তাকি বলেন, যুক্তরাষ্ট্র যদি সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়, তবে ইরান তাদের সহযোগিতা করতে প্রস্তুত। আর আলোচনার ক্ষেত্রে এটাই হতে পারে প্রাথমিক পদক্ষেপ। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছার কোনো ইঙ্গিত তেহরানের চোখে ধরা পড়ছে না।
যুক্তরাষ্ট্রের ইরাক স্টাডি গ্রুপ সম্প্রতি যে রিপোর্ট উপস্থাপন করে, তাতে ইরাকের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরান ও সিরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব রাখা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, সহায়তার বিনিময়ে ইরান অনেক বেশি কিছু দাবি করে বসতে পারে। হতে পারে তাদের পরমাণু কর্মসূচির বিষয়েও।
রাইসের ওই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে তারা সেনা প্রত্যাহারের ঘোষণা দিক, তারপরই তো আলোচনার বিষয়বস্তু ঠিক হবে।
