২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রতিনিধি পরিষদে ভারতের পরমাণু বিল অনুমোদিত

ভারত-মার্কিন ঐতিহাসিক পরমাণু বিল অনুমোদন করল মার্কিন প্রতিনিধি পরিষদ। ৩৩০-৫৯ ভোটে শুক্রবার পাস হয় বিলটি । আগামী দু'একদিনের মধ্যেই সিনেটে পাসের মাধ্যমে বিলটি চূড়ান্ত অনুমোদন লাভ করবে বলে আশা করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সিনেটে পাসের পর প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে বিলটি। এ আইন পাস হলে যুক্তরাষ্ট্র থেকে পরমাণু চুল্লি ও জ্বালানি সহ অন্যান্য সহায়ক সরঞ্জামাদি কিনতে পারবে ভারত।

সমালোচকরা বলছেন এই বিল পাশ এক ঐতিহাসিক ভুল এবং পরমাণু অস্ত্রের বিস্তার রোধে মার্কিন নীতির পরিপন্থী। পরমাণু শক্তিধর দেশ ভারত ‘পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি’ (এনপিটি) স্বাক্ষর না করায় গত ৩০ বছর ধরে দেশটির সঙ্গে সব প্রকার পরমাণু বাণিজ্য নিষিদ্ধ ছিল যুক্তরাষ্ট্রে ।

কিন্তু প্রেসিডেন্ট বুশ এবং তার মিত্ররা বলছেন, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু বাণিজ্য চালু হলে শত শত কোটি ডলারের ব্যবসার সম্ভাবনা সৃষ্টি হবে মার্কিন কোম্পানিগুলোর জন্য। তাছাড়া দক্ষিণ এশিয়ার উদীয়মান পরাশক্তি ভারতের সঙ্গে এ মিত্রতায় রাজনৈতিকভাবেও লাভবান হবে মার্কিনিরা।

বিলটি অনুমোদনে কংগ্রেসকে রাজি করাতে মার্কিন চেম্বার অফ কমার্স এবং ভারত বিপুল অর্থ ব্যয় করে লবিং চালিয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। অস্ত্র বিস্তার রোধ চুক্তির শর্ত পূরণে ভারতের অনমনীয় মনোভাবকে মেনে নিয়ে বিলটির অনুমোদন দিচ্ছে কংগ্রেস। কিন্তু প্রেসিডেন্ট বুশের স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাধা পেরোলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ৪৫ সদস্যের পরমাণু সরঞ্জাম সরবরাহ গ্রুপের অনুমোদন লাভ করতে হবে বাণিজ্য শুরুর আগে। এ সব কিছু পেরোতে বিষয়টি আগামী বছরে গড়াবে বলে ধারণা করা হচ্ছে।