২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিয়ানে ৩,৫২৩টি পণ্য শুল্কমুক্ত ঘোষণা

আঞ্চলিক অর্থনৈতিক ইউনিয়নকে গতিশীল করতে শুক্রবার ৪টি চুক্তি স্বাক্ষর করেছে আসিয়ান বাণিজ্য মন্ত্রীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

টাইফুনের কারণে আসিয়ান নেতাদের এ সপ্তাহান্তে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকটি স্থগিত হয়ে যাওয়ায় বাণিজ্য মন্ত্রীরা তড়িঘড়ি করে এ চুক্তি স্বাক্ষর করেন।

ফিলিপাইনের বানিজ্য মন্ত্রী পিটার ফেভিলা বলেন, ১০ সদস্যের আাসিয়ান জোট মনে করছে অর্থনৈতিক গতিশীলতা আনতে হলে তাদের বাজার সমন্বিত করা প্রয়োজন। তিনি বলেন, চায়না এবং ভারতের মতো দ্রুত বর্ধিষ্ণু অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্যই এটা করা প্রয়োজন। তবে কৃষি এবং এরকম কিছু খাতকে এখনও নিরাপত্তা দেওয়া দরকার এবং বাজার সমন্বিত করার প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন।

আগামী ১ জানুয়ারি থেকে জোটভুক্ত দেশসমূহের মধ্যে ৩,৫২৩টি পণ্য শুল্কমুক্ত করা এবং কাস্টমস সুবিধা সহজ করার ঘোষণা দিয়েছে আসিয়ান। ২০০৮ সাল থেকে তিনটি ধাপে অন্যান্য অ-শুল্ক বাধা দূর করা এবং ২০১০ সালে এ ধরনের সব বাধা সম্পূর্ণ দূর করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

আসিয়ান বাণিজ্যমন্ত্রীরা চীনের সঙ্গেও দুটি চুক্তি স্বাক্ষর করেছেন। একটি চুক্তিতে শুল্কমুক্ত পণ্যের তালিকা আরো অনেক বাড়ানো হয়েছে এবং আরেকটি চুক্তিতে সেবাখাতে বাণিজ্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী মাসে আসিয়ান নেতাদের শীর্ষ বৈঠকের পরই ওই চুক্তিটি স্বাক্ষর করা হবে বলে জানানো হয়েছে।