মস্কোয় ক্লিনিকে অগ্নিকাণ্ডে ৪৫ মহিলার মৃত্যু
মস্কোর একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে শনিবার অগ্নিকাণ্ডে ৪৫ জন মারা গেছেন। এদের সবাই মহিলা এবং দুজন ছাড়া বাকিরা সবাই চিকিৎসাধীন মাদকাসক্ত রোগী। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে বলে দমকল বাহিনী ধারণা করছে।
ক্লিনিক থেকে বের হওয়ার পথ লোহার গ্রিল দিয়ে আটকানো থাকায় বেশিরভাগ রোগীই ক্লিনিকের ভেতরে আটকে পড়ে মারা যায়।
মৃতদের দুজন ক্লিনিকের কর্মী বলে জানিয়েছে ইমার্জেন্সি সার্ভিস। এছাড়াও এই অগ্নিকাণ্ডে আহত হয়েছে ১০জন এবং ১০০ এরও বেশি ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্লিনিকের তৃতীয় তলায় একটি ক্যান্টিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের বিস্তার কম হলেও এর বিষাক্ত ধোঁয়ার একই তলার মহিলা ওয়ার্ডের রোগীদের ওই মর্মান্তিক মৃত্যু ঘটে।
মন্ত্রণালয় জানিয়েছে আগুন নেভানোর ব্যবস্থা না থাকায় এবং জানালা ও সিঁড়িতে লোহার গ্রিল থাকায় ক্লিনিকটি বন্ধ করে দেওয়ার জন্য এ বছরের শুরুতে আদালতে আবেদন করে তারা। তবে আদালত তাদের ওই আবেদন প্রত্যাখ্যান করেন। এদিকে ইমার্জেন্সি মন্ত্রণালয়ের পরিচালক ইউরি নেনোশেভ জানিয়েছেন, ‘ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটানোর সম্ভাবনা শতকরা ৯০ ভাগ।’
মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা আন্দ্রিয়ানোভা রয়টার্সকে বলেন, ‘আগুনের কারনে একটি সিঁড়ি দিয়ে বের হওয়া অসম্ভব হয়ে যায় এবং অপর সিঁড়িটি গ্রিল দিয়ে আটকানো ছিল।’ তিনি আরো জানান মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র হওয়ায় এ ক্লিনিক থেকে বের হওয়ার রাস্তা ছিল মাত্র একটি এবং জানালাগুলোতেও প্রতিবন্ধক ছিল।
প্রসঙ্গত, রাশিয়ার মাদকাসক্ত বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসাকেন্দ্রগুলোতে এর আগেও বেশ কয়েকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
