ফিজির সেনাছাউনিতে গোলাগুলি
ফিজিতে সেনা অভ্যুত্থানের তিন দিন পর রাজধানী সুভার প্রধান সেনা ব্যারাকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে শনিবার সকালে। একটি পাহাড়ের ওপরে কুইন এলিজাবেথ সেনা ব্যারাকে প্রায় আধঘন্টাব্যাপী এ গোলাগুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
সুভার সেনা ব্যারাকে গোলাগুলির সত্যতা নিশ্চিত করেন সেনাবাহিনীর মুখপাত্র মেজর নেওমি লিওনি। তবে তিনি দাবি করেন ওই গোলাগুলি ছিল একটি অনির্ধারিত ‘শূটিং অনুশীলনের ঘটনা’। কিন্তু সেনা সংশ্লিষ্টরা জানিয়েছেন ওই সেনা ব্যারাকে কোন ‘ফায়ারিং রেঞ্জ’ নেই এবং শহরের অন্য প্রান্তের ফায়ারিং রেঞ্জেই অনুশীলন হয়ে থাকে।
দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী লাইসেনিয়া কারাসে এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সাণ্ডার ডাউনার দু’জনেই সেনাবহিনীর মধ্যে অন্তর্দ্বন্দের আভাস দিয়েছিলেন। কিন্তু এ গোলাগুলির ঘটনা ছাড়া সন্দেহজনক আর কোন ঘটনার কথা জানা যায়নি। সেনাবাহিনীর মধ্যে বিভেদের আর কোন ইঙ্গিতও পাওয়া যায়নি।
অন্যদিকে গত সপ্তাহের রক্তপাতহীন অভ্যুত্থানের পর প্রায় ৪ দিনে পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন বড় ধরনের প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়নি দেশটিতে। প্রধানমন্ত্রী কারাসেকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে গৃহবন্দি করে রাখা এবং সরকারি প্রশাসন ও মিডিয়ার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে সেনাবাহিনী।
তবে একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দিলেও অন্তবর্তী সরকার গঠনে সেনাপ্রধান ফ্রাঙ্ক বাইনিমারমার পরিকল্পনা এখনও সফল হয়নি। দেশের ১৪টি ঐতিহ্যবাহী গোত্রের প্রধানের সঙ্গে বৈঠকেও ব্যর্থ হয়েছেন বাইনিমারমা। এ উপজাতীয় নেতাদের পরিষদ বা ‘গ্রেট কাউন্সিল অফ চিফস’ ফিজির প্রেসিডেন্টকে নিয়োগ দিয়ে থাকেন। তবে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অন্তর্বর্তী সরকারের জন্য লোক খুঁজছেন কমান্ডার বাইনিমারমা।
