কোনো চাপেই ইসরায়েলকে স্বীকৃতি দেব না: হানিয়া
কোনো চাপের মুখেই তারা ইসরাইলকে স্বীকৃতি দেবেন না বলে আবারও জানিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া।
শুক্রবার তেহরানে জুমার নামাজের পর ইরানিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
চারদিনের সফরে বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রধানমন্ত্রী তেহরান পৌঁছেন। হানিয়ার এটাই প্রথম ইরান সফর।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
ইসমাইল হানিয়া বলেন, “হামাস ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব। জেরুজালেম মুক্ত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”
“আর কোনো চাপের মুখেই দখলদারদের স্বীকৃতি দেয়া হবে না। যারা মনে করে লড়াইয়ের ময়দানে আমরা একা, তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের পাশে ইরানসহ আরব ও মুসলিম বিশ্ব রয়েছে।”
ফিলিস্তিনি ভূমিকে ‘দখলদার’ মুক্ত করতে সহায়তার জন্য তিনি ইরানের জনগণকে ধন্যবাদ জানিয়ে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
জুমার নামাজের ইমাম আহমদ খাতামি বলেন, হামাস সরকারের প্রতি ইরানিদের সমর্থন অব্যাহত থাকবে।
হামাসের ওপর আরোপিত পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক অবরোধেরও সমালোচনা করেন তিনি।
