২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আমেরিকায় নতুন বাণিজ্য জোট গড়তে চান মোরালেস

দক্ষিণ আমেরিকার বাণিজ্য ঐক্যের পুনরুত্থান চান বলিভিয়ান নেতা ইভো মোরালেস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এ লক্ষ্যে দেশটির কোচাবাম্বা শহরে শুক্রবার শুরু হয়েছে দুই দিনের ‘সাউথ আমেরিকান কমিউনিটি অফ নেশনস’ সম্মেলন।

কিন্তু মহাদেশটিতে ইতোমধ্যেই দুটি প্রতিদ্বন্দ্বী বাণিজ্য জোট থাকায় তৃতীয় একটি বাণিজ্য জোট গঠনের প্রশ্নে মোরালেসকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে।

সম্মেলনকে সামনে রেখে ইভো মেরালেস বলেন, “ইউরোপীয় ইউনিয়নকে আমি ঈর্ষা করি। আমরা কেন তাদের মতো এগিয়ে যেতে পারবো না। ইউরোপীয় ইউনিয়নের চেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ রয়েছে দক্ষিণ আমেরিকার। আমরা যদি এ সম্পদকে ব্যবহার করতে পারি তাহলে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি অনেক এগিয়ে যাবে।”

পরিবেশ এবং শ্রম অধিকারকে গুরুত্ব দিয়ে বড় ব্যবসায়ীদের তুলনায় স্থানীয় উৎপাদকদের অগ্রাধিকারের ভিত্তিতে একটি আঞ্চলিক বাণিজ্য জোট গঠন করতে চান মোরালেস।

কিন্তু ভেনেজুয়েলার সদ্য পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট হুগো শাভেজ এবং ইকুয়েডরের লাফায়েল কর‌্যায়াসহ সমমনা আরও কয়েকজন নেতা কোচাবাম্বা সম্মেলনে যোগ দিলেও আসছেন না আরও অনেকেই। ব্রাজিলের লুই ইনাসিও লুলা ডি সিলভা এবং চিলির মিশেল বেশেলে আসছেন না এ সম্মেলনে।

দক্ষিণ আমেরিকার মার্কিনবিরোধী বামপন্থী নেতাদের অনেকেই মোরালেসের পাশে থাকা সত্ত্বেও বাণিজ্য জোট গঠনে মোরালেসের সাফল্যের সম্ভাবনা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।

অঞ্চলটিতে আমেরিকার প্রভাব বিস্তারের চেষ্টার বিপরীতে কিউবা-ভেনেজুয়েলা-বলিভিয়া ঐক্যকে সামনে নিয়ে যাওয়ার জন্যই কোচাবাম্বা সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বলিভিয়া, কলাম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ভেনেজুয়েলা ‘আন্দিয়ান কমিউনিটি অফ নেশনস’ এর সদস্য। কিন্তু গত বছর পেরু ও কলাম্বিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ গঠনের পর সদস্যপদ প্রত্যাহার করে নেন এবং এ সংস্থাকে মৃত বলে ঘোষণা করেন ভেনেজুয়েলান নেতা হুগো শাভেজ।

ভেনেজুয়েলা এরপর যোগ দেয় আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ের সঙ্গে ‘মেরকসুর’ জোটে। কিন্তু সদস্য দেশগুলোর পারস্পরিক বিবাদের কারণে প্রতিষ্ঠার ১২ বছর পরও খুব সামান্যই এগিয়েছে জোটটি।

অন্যদিকে মহাদেশটির সবচেয়ে স্থিতিশীল এবং বড় অর্থনীতির দেশ চিলি এ দুটি বাণিজ্য জোটের একটিতেও যোগ দেয়নি।

অনেকে এ উদ্যোগের সমর্থন করলেও আস্থা পাচ্ছেন না এ আয়োজনে।

তাদের কথা হলো, দরিদ্র জনগোষ্ঠীর জন্য দেশের সংবিধান সংশোধন করা এবং বলিভিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করে একটি বাণিজ্য জোটের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা মোরালেসের আছে কিনা সেটাই এখন দেখার বিষয়।