২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবার্ট গেটসের মন্তব্যে অসন্তষ্ট ইসরায়েলিরা

ইসরায়েলকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করায় দায়িত্ব নেওয়ার আগেই অসন্তোষের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2006, 03:49 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বুধবারই তার নিয়োগ মার্কিন সিনেটে অনুমোদিত হয়।

নিয়োগ চূড়ান্ত হওয়ার আগে সিনেট কমিটির সঙ্গে সাক্ষাৎকারে রবার্ট গেটস বলেছিলেন, ইরানের চারপাশের রাষ্ট্রগুলো পরমাণু শক্তিধর। পূর্বে পাকিস্তান, উত্তরে রাশিয়া, পশ্চিমে ইসরায়েল, আর পারস্য উপসাগরে রয়েছে মার্কিন উপস্থিতি। এ কারণেই হয়তো ইরানও পরমাণু শক্তি অর্জন করতে চায়।

তার এ মন্তব্যেই ক্ষুণ্ন হয়েছে ইসরায়েলিরা। কারণ এতোদিন পর্যন্ত ইসরায়েলের পরমাণু শক্তি অর্জনের বিষয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত ছিল। আর ইসরায়েলও এ প্রসঙ্গে ছিল নিশ্চুপ। তাদের কাছে পারমাণবিক বোমা আছে কি নেই, এর কিছুই জানায়নি তারা।

গেটসের মন্তব্যে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক শীর্ষস্থানীয় কর্মকর্তা বেনজামিন বেন এলিজায়ের বলেছেন, “কী কারণে গেটস এ ধরনের মন্তব্য করলেন তা আমার মাথায় আসছে না।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক অবসরপ্রাপ্ত ইসরায়েলি কূটনীতিক রয়টার্সকে বলেছেন, “তার এ মন্তব্য অপ্রত্যাশিত।”

সম্প্রতি প্রকাশিত হওয়া গোপন এক দলিলে দেখা যায়, ইসরায়েল যে পরমাণু বোমা তৈরি করছে, তা প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসন জানতো। তবে তারা এ নিয়ে সন্তষ্ট ছিল যে ইসরায়েল আন্তর্জাতিক রীতি মেনেই তা করছে।

গণবিধ্বংসী অস্ত্রের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা রয়েছে, তারও আওতার বাইরে রাখা হয়েছে ইসরায়েলকে।

পাশাপাশি সামরিক খাতে ব্যয়ের জন্য ইসরায়েলকে প্রতিবছর ২০০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এ দ্বিমুখী নীতি ও পক্ষপাতমূলক আচরণে আরব দেশগুলোসহ ইরানের ব্যাপক ক্ষোভ রয়েছে।