দারফুরে হত্যাযজ্ঞ বন্ধের ব্যর্থতা সুদান সরকারের: কফি আনান
যুদ্ধবিধ্বস্ত দারফুরে হত্যাযজ্ঞ, ধর্ষণ, নিযার্তনসহ মানবাধিকার লঙ্ঘন রোধে কেন বারবার ব্যর্থ হচ্ছে এ বিষয়ে পৃথক, স্পষ্ট ও গ্রহণযোগ্য ব্যাখ্যা চেয়ে দেশটির সরকারকে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব কফি আনান।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের সমন্বয়ে গঠিত একটি ‘হাইব্রিড’ বাহিনী দারফুরে পাঠানোর লক্ষ্যে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বসিরকে রাজি করাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন আনান।
‘দারফুরে আসলে কী ঘটছে সে বিষয়ে স্পষ্ট এবং গ্রহণযোগ্য উত্তর দিতে হবে সুদান সরকারকে। আমাদের জানা দরকার ব্যর্থতার কারণগুলো কি, প্রতিবন্ধকতাগুলো কি,’ বলেন আনান।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সুদানের নাগরিকদের জীবন রক্ষার দায়িত্ব সুদান সরকারের। অথচ দারফুর পরিস্থিতি মোকাবেলায় সুদান সরকার যে ব্যর্থ ক্রমবর্ধমান ব্যাপক হত্যাযজ্ঞ, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা নিঃসন্দেহে আমাদের সে কথাই স্মরণ করিয়ে দিচ্ছে।’
“দারফুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সম্প্রদায় সুদান সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব প্রত্যাখান করে আসলে আন্তর্জাতিক সাহায্যই প্রত্যাখান করছে সুদান,” বলেন তিনি।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় সম্প্রতি অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে এসেছিলেন সুদানের প্রেসিডেন্ট বশির।
সে সময় সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো সুদানের দারফুরে ইতোমধ্যে মোতায়ন করা আফ্রিকান ইউনিয়নের সাত হাজার সৈন্যের ইউনিটকে আরও শক্তিশালী করতে একটি ‘হাইব্রিড’ ফোর্স বা বাহিনী পাঠানোর বিষয়ে সম্মত হয়।
এদিকে দারফুরে সৈন্য প্রেরণের অনুমোদন পেতে একটি ত্রিদলীয় কমিশন গঠন করার প্রস্তাব দিয়ে গত সপ্তাহে আনানের কাছে এক বার্তা পাঠান প্রেসিডেন্ট বশির। তবে দারফুরে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব প্রত্যাখান করেন তিনি।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আফ্রিকান ইউনিয়নকে দারফুরে সৈন্য পরিচালনা সংক্রান্ত বিষয়ে যাবতীয় আদেশ-নির্দেশ, পরামর্শ ও প্রয়োজনীয় রসদ ও যুদ্ধপোকরণ দিয়ে সহযোগিতা করতে পারবে বলে সিদ্ধান্ত হয়েছিল।
কিন্তু প্রেসিডেন্ট বশির মনে করেন, সুদানকে পশ্চিমাদের উপনিবেশে পরিণত করার জন্যই দেশটির অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অতিমাত্রার আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে, আরব দেশগুলো সুদান সরকারের সমালোচনা না করে নিশ্চুপ থাকায় তিনি এই ধারণা করছেন।
উলে¬খ্য, সুদানের দারফুরে বিদ্রোহীদের সঙ্গে সরকারপন্থী গেরিলাদের যুদ্ধ ও সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুই লাখ মানুষ। আরও প্রায় ২৫ লাখ মানুষ হারিয়েছেন তাদের বাসস্থান।
