২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে পরমাণু খাতে সহযোগিতা প্রশ্নে মার্কিন কংগ্রেসে ভোট শুক্রবার

যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু চুল্লি ও জ্বালানি সংগ্রহে ভারতকে অনুমোদন দেওয়ার প্রশ্নে মার্কিন কংগ্রেসে ভোট গ্রহণ করা হবে শুক্রবার। মার্কিন আইনপ্রণেতা ও সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2006, 01:25 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

আইনটি পাস হলে ৩০ বছর ধরে ভারতের সঙ্গে পরমাণু-সহযোগিতা না করার মার্কিন নীতির পরিবর্তন ঘটবে।

পরমাণু শক্তিধর দেশ ভারত আন্তর্জাতিক ‘পরমাণু বিস্তার রোধ চুক্তিতে’ স্বাক্ষর না করায় গত তিন দশক ধরে দেশ দুটির মধ্যে পরমাণু বিষয়ক কোন আদান প্রদানের সুযোগ ছিল না।

কংগ্রেসের আপত্তির কারণে মার্কিন–-ভারত পরমাণু সহযোগিতার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে ছিল।

‘ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ভারত সক্রিয়ভাবে সহযোগিতা করবে’-প্রেসিডেন্ট বুশের কাছ থেকে এমন প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আইনটি পাসের ক্ষেত্রে বাধা দিয়ে আসছিল কংগ্রেস। কিন্তু নতুন দিল্লির অব্যাহত চাপের কাছে ইরান প্রশ্নে সহযোগিতার ক্ষেত্রে শিথিলতা দেখাতে রাজি হয়েছে কংগ্রেস।

ক্যালিফোর্নিয়ার সিনেটর টম ল্যানটোস জানান, ভারতের সঙ্গে একটি ভালো চুক্তি করতে প্রেসিডেন্টের ক্ষমতা এবং কংগ্রেসের নজরদারির মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমঝোতা আনা হয়েছে বর্তমান বিলটিতে।

আগামী জানুয়ারিতে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর কংগ্রেসের ‘আন্তর্জাতিক সম্পর্ক পরিষদের’ চেয়ারম্যান হবেন টম ল্যানটোস।

মার্কিন অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার ড্যারিল কিমবাল অবশ্য অভিযোগ করছেন, কংগ্রেসের তথাকথিত ‘পরমাণু বিস্তার রোধবিরোধী’ নেতা জো বিডেন, ডিক লুগার ও কংগ্রেস সদস্য টম ল্যানটোস ‘মার্কিন পরমাণু বিস্তার রোধ নীতি’র উদ্দেশ্যকে হাস্যকর বস্তুতে পরিণত করেছেন। আসল আইনটি পরিবর্তন করে ভারতের প্রায় সব লক্ষ্যকেই পূরণ করে দিচ্ছেন তারা।

অন্যদিকে এ আইনটি পাস করাতে অত্যন্ত তৎপর থাকা মার্কিন ব্যবসায়ীক সংগঠনের নেতারা বলেছেন, এর ফলে মার্কিন কোম্পানিগুলোর জন্য বাণিজ্য ও বিনিয়োগের বিশাল ভিত্তি তৈরি হবে।