সিনেটেও অনুমোদন পেলেন রবার্ট গেটস
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হতে আর কোনো বাধাই থাকল না রবার্ট গেটসের। বুধবার তার মনোনয়ন অনুমোদন করেছে সিনেট।
সিনেটে রবার্ট গেটসের মনোনয়নের পক্ষে ভোট পড়ে ৯৫টি। বিপক্ষে ভোট দেন মাত্র দুই জন। এরা হলেন দুই রিপালিকান সদস্য রিক স্যান্টোরাম ও জিম বানিং।
সিনেটে অনুমোদনের পর প্রেসিডেন্ট বুশ টেলিফোনে অভিনন্দিত করেছেন গেটসকে। হোয়াইট হাউজের মুখপাত্র ডানা পেরিনো জানিয়েছেন, আগামী ১৮ ডিসেম্বর শপথ নিতে পারেন তিনি।
সিনেটে রিপাবলিকান ও ডেমক্রেট সবার সমর্থনই নিশ্চিত করতে পেরেছেন সাবেক সিআইএ প্রধান গেটস। তবে তারা এটাও বলেছেন, খুবই বিরূপ একটি সময়ে দায়িত্ব নিচ্ছেন গেটস, যা মোকাবেলা বেশ কঠিন। রিপাবলিকান সিনেটর আরলেন স্পেকটর বলেছেন, এর মধ্য দিয়ে আমরা নতুনভাবে কাজ শুরুর ক্ষেত্র তৈরি করেছি। ডেমক্রেট সিনেটর অ্যাডওয়ার্ড কেনেডি বলেন, ইরাকে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে চরম মূল্য দিতে হচ্ছে তা গেটস উপলব্ধি করতে পেরেছেন।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ইরাক ইস্যুকেই সবচেয়ে গুরুত্ব দেয়ার কথা বলেছেন ভাবী প্রতিরক্ষামন্ত্রী। অল্প কয়েকদিনের মধ্যেই ইরাক সফরের পরিকল্পনাও রয়েছে রামসফেল্ডের এ উত্তরসূরির।
