ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার চায় না সৌদি আরব
ইরাক থেকে তড়িঘড়ি করে সৈন্য প্রত্যাহার না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। বুধবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত তুর্কি আল ফয়সাল এ আহ্বান জানান।
ফিলাডেলফিয়ায় এক সভায় সৌদি রাষ্ট্রদূত বলেন, হঠাৎ করে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ইরাকে বিশাল শূন্যতার সৃষ্টি হবে। পাশাপাশি ইরাকের নুরি আল মালিকি সরকারের ওপর সমর্থন অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।
ইরাকে জাতিগত সংঘাত সৌদি আরবের কাছে কাম্য নয় উল্লেখ করে সেখানকার সুন্নিদের প্রতি তার দেশের সমর্থনের কথাও উড়িয়ে দেন আল ফয়সাল। তিনি জানান, এ সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জন্য সৌদি আরবের নিরাপত্তা উপদেষ্টা নওয়াফ ওবায়েদকে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টে এক লেখায় নওয়াফ ওবায়েদ মার্কিন সেনা প্রত্যাহার হলে ইরাকি সুন্নিদের রক্ষায় সেখানে সৌদি সেনা পাঠানোর পরামর্শ দিয়েছিলেন।
