২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সঙ্কট: ইরান-সিরিয়াকে আলোচনায় বসানোর প্রস্তাব

ইরাক সমস্যা সমাধানে ইরান ও সিরিয়াকে আলোচনার টেবিলে বসাতে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সমন্বয়ে একটি গ্রুপ গঠনের ওপর গুরুত্বারোপ করেছে ইরাক স্টাডি গ্রুপ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Dec 2006, 03:29 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এ ক্ষেত্রে দেশদুটির প্রতি কোন শর্ত জুড়ে না দেয়ার কথাও বলা হয়েছে। বুধবার ১০ সদস্যের ওই গ্রুপ তাদের রিপোর্ট পেশ করে। রিপোর্টে আরব-ইসরায়েল সঙ্কট নিরসনে সমন্বিত একটি পরিকল্পনা নেওয়ার ওপরও জোর দিয়ে বলা হয়েছে, এ সঙ্কট চলতে থাকলে কখনোই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ হবে না ।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার ও সাবেক কংগ্রেস সদস্য লি হ্যামিলটনের নেতৃত্বে গঠিত ইরাক স্টাডি গ্রুপ তাদের রিপোর্টে বলেছেন, ইরাকের এখনকার পরিস্থিতিকে গুরুত্ব দিয়েই ইরান ও সিরিয়াকে আলোচনায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে তাদের কোনো শর্ত দেয়া চলবে না। ইরানের পরমাণু ইস্যুটি নিরাপত্তা পরিষদের হাতেই ছেড়ে দেওয়া ভালো। আলোচনায় বসানোর জন্য দেশ দুটিকে কোনো কোনো ক্ষেত্রে ছাড় দেয়ার প্রস্তাবও করা হয়েছে রিপোর্টে। যেমন ডাব্লিওটিওসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভের পথটি সুগম করা।

তবে ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরান ও সিরিয়াকেই দায়ী করেছে স্টাডি গ্রুপ। পাশাপাশি তারা আশঙ্কা প্রকাশ করেছে, পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নিলে ইরাকের দক্ষিণাঞ্চলে সৈন্য পাঠিয়ে ইরান তেল ক্ষেত্রগুলোর দখল নিয়ে নিতে পারে। তাই বিতর্ক ওঠার সম্ভাবনা থাকলেও এর চেয়ে গ্রহণযোগ্য বিকল্প আমাদের হাতে নেই।

জেমস বেকার বলেন, হতে পারে ইরান সংলাপের প্রস্তাব গ্রহণ করবে না। কিন্তু এর ফলে সমস্যা সমাধানে আমাদের আগ্রহের বিষয়টি সারা বিশ্বের কাছে স্পষ্ট হবে। পাশাপাশি তাদের মুখোশও খুলে যাবে। সিরিয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশটিকে যদি আমরা সংলাপে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে তারাও সহায়তার মনোভাব নিয়েই এগিয়ে আসছে।

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবার আগে আরব-ইসরায়েল সঙ্কট নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য বুশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রিপোর্টে বলা হয়েছে, এ সঙ্কট যদি জিইয়ে থাকে তাহলে কখনোই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ হবে না। তাই ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ফিলিস্তিনকে একসঙ্গে আলোচনায় বসাতে হবে। আর এর আয়োজনে যুক্তরাষ্ট্রকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।