২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার মহাকাশে যাচ্ছে ডিসকভারি

আবারও মহাকাশে যাচ্ছে ডিসকভারি। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বৃহষ্পতিবার স্থানীয় সময় রাত ৯ টা ৩৬ মিনিটে মহাকাশে যাত্রা করার কথা মহাকাশ খেয়াযানটির। বিরূপ আবহাওয়া সত্ত্বেও ডিসকভারির যাত্রা প্রস্তুতি পুরোদমে চলছে বলে মঙ্গলবার জানিয়েছেন নাসার কর্মকর্তারা ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Dec 2006, 05:43 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ডিসকভারির এ ফ্লাইটটি হবে নাসার এ বছরের তৃতীয় এবং শেষ ফ্লাইট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নতুন করে বৈদ্যুতিক সংযোগ, বহিনোঙ্গর ব্যবস্থার একটি অংশ বহন করে নিয়ে যাওয়া, রসদ সরবরাহ এবং একজন নতুন আবাসিক ক্রু-কে পৌছে দেওয়াই হবে এ ফ্লাইটের উদ্দেশ্য।

নাসার খেয়াযান উৎক্ষেপণ বিভাগের একজন ব্যবস্থাপক, স্টিভ পায়েন বলেন, মহাকাশযানের পুরো দল প্রস্তুত এবং ডিসকভারির একটি অবিস্মরণীয় যাত্রা ও সাফল্যজনক ল্যান্ডিংয়ের জন্য অপেক্ষা করছি আমরা।

আগামী দুদিন ফ্লোরিডায় একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বৃহষ্পতিবার রাতের দিকে ডিসকভারির যাত্রা করার উপযোগী পরিষ্কার আকাশ পাওয়া যাবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।

নাসা আগামী ১ জানুয়ারির আগেই ডিসকভারিকে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে ১৭ ডিসেম্বরের মধ্যে একে মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নববর্ষে উত্তরণের কারণে সময় হিসাবের জটিলতা এড়াতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কারণ জানুয়ারির এক তারিখে ডিসকভারি কক্ষপথে থাকলে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে সময়ের সামঞ্জস্য রাখতে এটিতে নতুন একটি সফটওয়্যার সংযোজন করতে হবে যা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।