নেপালে পুলিশকে সংযমী হতে বলেছে জাতিসংঘ
নেপালে সরকারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে গত সপ্তাহে বিক্ষোভরত ছাত্রদের ওপর পুলিশের অত্যধিক বল প্রয়োগের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা।
মঙ্গলবার এক বিবৃতিতে ‘দ্যা নেপাল আর্ম অব দ্যা অফিস অব দ্যা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস' (ওএইচসিএইচআর) নামের সংস্থাটি কাঠমান্ডুতে ছাত্রদের আন্দোলনে পুলিশি বাধা ও নির্যাতন ও এর প্রতিক্রিয়ায় বড় ধরনের সহিংস বিক্ষোভ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্তৃপক্ষের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
অস্থায়ীভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ও দুর্বল প্রশিক্ষণ পাওয়া কয়েক হাজার স্কুল শিক্ষকের চাকুরি কোনোধরনের প্রতিযোগিতা ছাড়াই স্থায়ী করা হচ্ছে- নেপাল সরকারের এই পরিকল্পনার প্রতিবাদে গত সপ্তাহে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্রদের ওপর পুলিশ চড়াও হলে অনেকে আহত হয়।
মানবাধিকার সংস্থাটি বলেছে বিক্ষোভরত ছাত্রদের মাথা লক্ষ্য করে পুলিশের ব্যাটনের নির্মম আঘাতের ঘটনা ঘটেছে। সংস্থাটি ছাত্রদেরকেও পুলিশের প্রতি ইটপাটকেল না ছুড়ে শান্তিপূর্ন বিক্ষোভ প্রদর্শনের আহবান জানায়।
