আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ৮
আফগানিন্তানের কান্দাহারে বুধবার আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই আমেরিকানও রয়েছেন। কান্দাহারে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন নিরাপত্তা প্রতিষ্ঠান ইউএসপিআই-এর কার্যালয়ে এ হামলা হয়।
ওই মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানটি আফগানিস্তানে নির্মান ও অবকাঠামোগত প্রকল্পের কাজে নিয়োজিত বিদেশি কোম্পানিগুলোর নিরাপত্তার জন্য নিরাপত্তারক্ষী সরবরাহ করে থাকে।
পাকিস্তানভিত্তিক আফগান ইসলামিক প্রেস (এআইপি) জানায়, কাজ শুরু করতে ভিতরে ঢোকার জন্য অফিসের বাইরে ভিড় করা কর্মীদের মাঝে বিস্ফোরণটি ঘটানো হয়।
কোম্পানির কর্মী আখতার মোহাম্মদ এআইপিকে জানান, হামলায় কোম্পানির কান্দাহার অফিসের প্রধান মি. জ্যাকও নিহত হয়েছেন।
উল্লেখ্য, আফগানিস্তানে ন্যাটো নিরাপত্তা বাহিনীর হিসাব অনুযায়ী এবছর প্রায় ১০৫টি আত্মঘাতী বোমা হামলায় দেশটিতে প্রায় ২৫০ ব্যক্তি মারা গেছেন। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী তালেবান সরকার উৎখাতের পর এবছরই আফগানিস্তানে সবচেয়ে বেশি সহিংসতা ঘটেছে।
