২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বচ্চনের মতো পারব কি না জানি না: শাহরুখ

‘বিগ বি’র জায়গায় জায়গায় বসছেন ‘গ্রেট খান’। জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন যে আসনে বসে জাদুকরি মোহে মন্ত্রমুগ্ধ করে রাখতেন কোটি কোটি দর্শককে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সে আসনটিতেই বসবেন শাহরুখ খান। কিন্তু বচ্চনের কারিশমা দেখাতে পারবেন কি শাহরুখ-এ প্রশ্ন অনেকের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Dec 2006, 03:15 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এ প্রশ্নে সন্দিহান শাহরুখ নিজেও। টিভি কুইজ শো হিসেবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র যে জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তার কৃতিত্ব অনেকটাই ‘বিগ বি’ এর অনবদ্য উপস্থাপনার। আকাশছোঁয়া জনপ্রিয়তা, অসাধারণ ব্যাক্তিত্ব আর বচ্চনের ঐন্দ্রজালিক বাচনের মায়াজালেই এতাদিন বাঁধা ছিল দর্শক।

তবে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই অনুষ্ঠান উপস্থাপনায় রাজি হয়েছেন শক্তিমান অভিনেতা শাহরুখ। ৪১ বছর বয়সী এ বলিউড তারকা বলেছেন, ‘এ মুহুর্তে অনুষ্ঠানটির যে মান, যে সৌন্দর্য আর যে আকর্ষণ তৈরী হয়েছে তার কৃতিত্ব অমিতজি’র। তার মতো পারবো কি না জানি না কিন্তু আমিও তা ধরে রাখতে চাই, দর্শকদের আনন্দ দিতে চাই।’

মিডিয়া মোগল রূপার্ট মারডকের মালিকানাধীন স্টার নেটওয়ার্কে প্রচারিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্টানটি ইংরেজী ‘হু ওয়ান্টস টু বি এ মিলিওনিয়ারের’ আদলে তৈরি।

আগামী মধ্য জানুয়ারি থেকে শাহরুখের উপস্থাপনায় এটি আবার প্রচারিত হবে। শরীরে অস্ত্রোপচারের পর অমিতাভ অনুষ্ঠানটি আর উপস্থাপনা করতে অপরাগতা প্রকাশ করায় শাহরুখকে বেছে নিয়েছেন স্টার নেটওয়ার্ক।