পদ ছাড়তে বাধ্য হলেন বোল্টন
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন বিদায় নিচ্ছেন। সোমবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। প্রেসিডেন্ট বুশ বলেছেন অনিচ্ছাসত্ত্বেও পদত্যাগপত্র গ্রহণ করে এটা মেনে নিয়েছেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের পর বুশ প্রশাসনের একপেশে পররাষ্ট্রনীতির আরেক হাতিয়ার জন বোল্টনকেও সরে যেতে হচ্ছে ডেমোক্রেটদের চাপের মুখেই। হোয়াইট হাউস সুত্র জানিয়েছে, শুক্রবারেই ওই পদত্যাগপত্র জমা দিয়েছেন বোল্টন। চিন্তাভাবনা শেষে সোমবার সেটা গ্রহণ করার আষ্টুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কংগ্রেসের বর্তমান অধিবেশন শেষে এ সপ্তাহের মধ্যেই কার্যকর হতে পারে এ পদত্যাগ।
ওভাল অফিসে বোল্টন এবং তার স্ত্রী গ্রেচেন এর উপস্থিতিতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বুশ বলেছেন, ‘আমি মোটেই সন্তুষ্ট নই। সিনেটে ঘোলা জলের রাজনীতির কারণেই এটা মেনে নিতে হল।’ সমালোচকদের নিন্দা সত্ত্বেও বোল্টন দারুণভাবে তার দায়িত্ব পালন করেছে বলেও মন্তব্য করেন বুশ।
ডেমোক্রেটদের বিরোধিতা এবং বোল্টনের সহকর্মীদের আপত্তি সত্ত্বেও সিনেটকে পাশ কাটিয়ে ২০০৫ এর আগস্টে তাকে জাতিসংঘ রাষ্ট্রদূত হিসেবে সাময়িকভাবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট বুশ। সিনেটে তুমুল বিরোধিতার পরও বোল্টনের নিয়োগ নিশ্চিত করার চেষ্টা চালিয়েছিলেন বুশ। কিন্তু নভেম্বরে সিনেট এবং প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের বিজয়ের পর তা প্রায় অসম্ভব হয়ে ওঠে।
প্রতিরক্ষামন্ত্রী রামসফেল্ডের স্থলে রবার্ট গেটসের মতো বোল্টনের জায়গায়ও তাই বুশকে নিজ পছন্দের বাইরে অন্য কাউকে বেছে নিতে হবে। রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট নিকোলাস বার্নস কিংবা ইরাকে দেশটির রাষ্ট্রদূত জালমেই খলিলজাদও আছেন সম্ভাব্য তালিকায়। নতুন কেউ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-প্রতিনিধি আলেজান্দ্রো উলফ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
