২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজির প্রধানমন্ত্রী গৃহবন্দী

ফিজির প্রধানমন্ত্রী লাইসিনিয়া কারাসে জানিয়েছেন মঙ্গলবার থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ভারী অস্ত্র-সস্ত্রে সজ্জিত সেনারা রাজধানী সুভায় তার বাসভবন ঘিরে রেখেছে। এই চাপ সত্ত্বেও তিনি পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 02:04 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ফিজির রেডিও-কে তিনি বলেন, ‘আমি গৃহবন্দী অবস্থায় আছি। এরপর কী হবে তা সহজেই অনুমেয়।’

এদিকে, সেনাবাহিনীর এই কর্মকান্ড সমর্থন করেন না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফা ইলোইলো। এক বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনা স্পষ্টতই ‘অসাংবিধানিক, আইনের শাসন ও আমাদের গণতান্ত্রিক আদর্শের পরিপন্থি’। তিনি আইনসিদ্ধ পথেই চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী লাইসনিয়া কারাসে রয়টার্সকেও বলেন, ‘আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিজির নির্বাচিত প্রধানমন্ত্রী। তাই কিছুতেই পদত্যাগ করব না। আমাকে সরাতে হলে শক্তির আশ্রয় নিতে হবে।’

এদিকে, সামরিক বাহিনী দেশের প্রধান স্থাপনাসমূহ, পুলিশের সদর দপ্তর ও প্রধান পুলিশ ইউনিটে কড়া পাহারা বসিয়েছে। প্রধান-প্রধান রাস্তায় প্রতিবন্ধক বসানোয় অবরুদ্ধ হয়ে আছে প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রটির রাজধানী সুভা।

এ বছর মে-তে লাইসিনিয়া কারাসে দ্বিতীয়বারের মতো ফিজির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই সেনাবাহিনীর প্রধান ফ্রাঙ্ক বাইনিমারমা তার সরকার উৎখাতের হুমকি দিয়ে আসছেন। তার অভিযোগ এই সরকার দুর্নীতিগ্রস্ত এবং ২০০০ সালের অভুত্থানকারীদের প্রতি সহানুভূতিশীল।

প্রসঙ্গত, ১৯৮৭ সাল থেকে ফিজিতে তিনটি সামরিক অভ্যুত্থান ঘটেছে।