২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা এক হাজার স্পর্শের আশঙ্কা

ফিলিপাইনে প্রলয়ঙ্করী টাইফুনে মৃতের সংখ্যা এক হাজার স্পর্শ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে অনেকের লাশ উদ্ধার করা সম্ভব হবে না বলেই মনে করছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানে টাইফুন দুরিয়ান। ঝড়ো হাওয়ার সঙ্গে বন্যা ও ব্যাপক ভূমিধ্বসে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সরকারি হিসেবে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা চার শ’ ৫০। আর নিখোঁজ রয়েছে ছয় শ’ ৩০ জন। ঝড়ে ওই অঞ্চলের প্রায় ১০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ের পর এখন উপদ্রুত এলাকায় চলছে উদ্ধার তৎপরতা। সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও কাজ করছে। এমনকি কমিউনিস্ট গেরিলা দল নিউ পিপলস আর্মি তার কর্মীদের ত্রাণ তৎপরতা শুরুর নির্দেশ দিয়েছে। অনেক স্থানে মাটি চাপা পড়েছে মানুষ। তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ফুরিয়ে এলেও লাশ উদ্ধারে অভিযান চলছে। ফিলিপাইন রেড ক্রসের প্রধান সিনেটর রিচার্ড গর্ডনও স্বীকার করেছেন, সব লাশ উদ্ধার আসলেই দুঃসাধ্য। নিহতের সংখ্যা এক হাজার স্পর্শ করার আশঙ্কা করছেন তিনি।

ঝড়ের পরে অনেকেই এলাকায় ফিরতে শুরু করেছেন। ধ্বংসস্তূপের মধ্যে অনেকে খুঁজে ফিরছেন হারানো স্বজনদের।

ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অনুমান, টাইফুন দুরিয়ানে প্রায় এক কোটি ডলারের ফসলহানি হয়েছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা মেরামতে লাগবে দেড় কোটি ডলার।