বাগদাদে ৫০টি লাশ উদ্ধার
বাগদাদের বিভিন্ন স্থান থেকে রোববার ৫০টি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জন কর্মকর্তা এ কথা জানান।
পুলিশ জানিয়েছে, বেশিরভাগ লাশের দেহেই গুলির দাগ রয়েছে। ইরাকে চলমান আন্তঃগোত্রীয় সংঘাতেই এদের মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।
জাতিসংঘ মহাসচিব কফি আনান ইরাকের চলমান পরিস্থিতিকে গৃহযুদ্ধের চেয়েও খারাপ বলে রোববার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে মন্তব্য করেন । জাতিসংঘের এক হিসেবে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে ইরাকে প্রতিদিনই গড়ে এক শ ২০ জন বেসামরিক লোক মারা যাচ্ছে।
এদিকে চলমান পরিস্থিতি নিয়ে ইরাকের প্রভাবশালী শিয়া নেতা আবদুল আজিজ আল হাকিমির সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। এছাড়া সুন্নি নেতাদের সঙ্গেও এ মাসে তার বৈঠকের কথা রয়েছে।
