২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত কিউবা: রাউল

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত কিউবা। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো শনিবার সামরিক কুচকাওয়াজ পরিদর্শনকালে এ মন্তব্য করেন। চিরবৈরী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এটাই এযাবৎকালে কিউবার সবচেয়ে সরাসরি প্রস্তাব।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Dec 2006, 05:20 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রাউল বলেন, ‘আমরা আবারো জানাতে চাই, আলোচনার টেবিলে বসেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে ফেলতে আগ্রহী আমরা।’ তিনি এটাও বলেন, মার্কিন সরকার কিউবার স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল না হলে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ না করলে এ আলোচনা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্র-কিউবা বিরোধ নিয়ে রাউলের এ মন্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিউবা বিশেষজ্ঞরা বলছেন, ১৯৬২ সাল থেকে যুক্তরাষ্ট্রের লাগাতার অবরোধের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। অর্থনীতি সচল করতে হলে অবরোধ তুলে নিতে মার্কিনিদের রাজি করাতে হবে দেশটিকে। তাই আলোচনায় বসে বিরোধ মেটানোর লক্ষ্যে নরম সুরে কথা বলছেন রাউল।

ভাই ফিদেলের অসুস্থতার পর গত জুলাইয়ে দেশটির ক্ষমতা গ্রহণ করে এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেন রাউল।

ওয়াশিংটনভিত্তিক নীতি নির্ধারণী গ্রুপ ইন্টার আমেরিকান ডায়ালগের ড্যান এরিকসন বলেছেন, রাউলের এ প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এ মন্তব্যের অর্থ হল ফিদেলের দীর্ঘদিনের সংঘাত এবং লড়াইয়ের নীতি থেকে সরে এসেছে কিউবা। অন্যদিকে কিউবার এক সরকারি কর্মকর্তা বলেছেন রাউল নতুন কিছু বলেননি। দীর্ঘদিন ধরে এটাই কিউবার অবস্থান। কিন্তু যা গুরুত্বপূর্ণ সেটা হল রাউল নিজের মুখে একথা বলছেন।

সিআইয়ের সাবেক বিশ্লেষক এবং ‘আফটার ফিদেল’ বইয়ের লেখক ব্রায়ান লেটেল বলেছেন, বিশ্বে সবচেয়ে বেশী সময় ধরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা রাউল ক্যাস্ত্রো একজন বাস্তববাদী মানুষ। রাউল জানেন, মার্কিন কংগ্রেস ডেমোক্রেটদের নিয়ন্ত্রনে আসায় কিউবার ওপর থেকে দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্য অবরোধ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ বাড়বে। তাই তার প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী।