কুচকাওয়াজেও ছিলেন না ক্যাস্ট্রো
অনেক প্রত্যাশা সত্ত্বেও শনিবার রাজধানী হাভানার জাঁকজমকপূর্ন সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো। আর এতে দেশটিতে তার দীর্ঘদিনের শাসনের পাকাপাকি অবসান হতে চলেছে বলে মনে করছেন অনেকে।
ক্যাস্ট্রোর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাঁচদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী এবং কিউবার বিপ্লবের ৫০ বছর পূর্তিতে হাভানার রেভ্যুলিউশন স্কোয়ারে অনুষ্ঠিত হয় ওই কুচকাওয়াজ। সারি সারি ট্যাংকের ঘর্ঘর আর আকাশে ছুটে যাওয়া বিমানের গর্জনের মধ্যে পতাকা নাড়িয়ে প্রায় তিন লাখ কিউবান কুচকাওয়াজে অংশ নেয়। অনেক আশা নিয়ে সালাম দেওয়ার জন্য তারা পরিদর্শন মঞ্চ অতিক্রম করতে গিয়ে দেখেন সেখানে নেই তাদের নেতা ফিদেল ক্যাস্ট্রো। গত এক দশকের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় সামরিক প্যারেড। বেশ কিছু দেশের বামপন্থী নেতা এবং বিশ্লেষকরা অনুষ্ঠানে যোগ দেন।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী রাউল অনুষ্ঠানে যোগ দিলেও তার ভাইয়ের অসুস্থতা বা অনুপস্থিতি নিয়ে কিছু বলেননি।
ক্যাস্ট্রোর ক্যানসার হয়েছে-এরকম তথ্য অস্বীকার করে কিউবার কর্মকর্তারা বারবার বলছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন এবং ক্ষমতায় ফিরবেন। তবে বিশ্লেষক এবং কূটনীতিকদেও ধারণা, তিনি ক্ষমতায় ফিরলেও তা হবে নামমাত্র ফেরা।
গণতন্ত্রকামী এক কর্মী, ওসওয়ালদো পায়া রয়টার্সকে বলেন, ‘তার যথেষ্ট বয়স হয়েছে। এটি স্পষ্ট যে তার শাসনব্যবস্থার সমাপ্তি ঘটতে যাচ্ছে।’ তিনি আরো বলেন এখন সময় এসেছে ভোটের মাধ্যমে কিউবার মানুষের মত প্রকাশের।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই অস্ত্রোপচারের পর ক্যাস্ট্রো তার ভাই প্রতিরক্ষামন্ত্রী রাউল ক্যাস্ট্রোর হাতে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। এরপর থেকে গত চার মাসে তিনি জনসমক্ষে আসেননি।
