যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত ভ্রমণকারীদের ক্ষেত্রেও কড়াকড়ি
ইউরোপ ও এশিয়ার যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাচ্ছেন তাদের ওপর নজরদারি বাড়ানো হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা শুক্রবার এতথ্য জানান।
বিভিন্ন দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসামুক্ত কর্মসূচির ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রগামী বিদেশী বিমানে নিজেদের সশস্ত্র এয়ার মার্শাল রাখার অনুমতি চাইবে তারা। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিজস্ব বিমান সংস্থাগুলির সব আন্তর্জাতিক ফ্লাইটেই কেবল নিয়োজিত আছে তাদের এয়ার মার্শালরা।
কিন্তু ভিসামুক্ত কর্মসূচি রয়েছে এমন কয়েকটি দেশের নিজস্ব অস্ত্র আইনের কারণে তাদের বিমানে মার্কিন এয়ার মার্শাল নিয়োগ করা সম্ভব হচ্ছে না।
হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত অ্যাসিসটেন্ট সেক্রেটারি ফর ইনটারন্যাশনাল অ্যাফেয়ার্স পল রোজেনউইগ বলেছেন, নিরাপত্তা কড়াকড়ি করাটা প্রস্তাবিত একটি বিশেষ আইনের অংশ। আগামী বছরের শুরুতে কংগ্রেসে এই আইনটি উত্থাপন করা হবে। এশিয়া এবং পূর্ব ইউরোপের বেশকিছু দেশের সঙ্গে ভিসামুক্ত কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে এ আইন প্রণয়ন করা হচ্ছে।
নজরদারি বাড়ানোর পাশাপাশি হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া পাসপোর্র্ট ও অন্যান্য ভ্রমণ-নথিপত্র বিষয়েও কড়াকড়ি আরোপ করতে চাইছে মার্কিন প্রশাসন।
বুশ প্রসাশন চাইছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিরাপত্তা ব্যবস্থা মেনে নিচ্ছে সেসব দেশর নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বাড়িয়ে দেওয়ার জন্য কংগ্রেস হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মিশেল সের্তোফকে ক্ষমতা দিক।
১৯৮০ সাল থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ভিসামুক্ত কর্মসূচিতে ২৭ টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ এবং ৯০ দিন পর্যন্ত সেখানে অবস্থান করতে পারে। দেশগুলোর বেশীরভাগই ইউরোপীয়, এ ছাড়া আছে জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড এবং ব্রুনেই।
কিন্তু এ দেশগুলোর অনেক নাগরিক নির্দিষ্ট মেয়াদের অতিরিক্ত সময় ভ্রমণ কিংবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছে। এজন্য যেসব দেশ নিরাপত্তাচুক্তি মেনে নিচ্ছে শুধুমাত্র তাদেরকেই বেশী সুবিধা দিতে চাইছে মার্কিন প্রশাসন। এদিকে, ইউরোপ থেকে বিমানে যুক্তরাষ্ট্রভ্রমণকারী যাত্রীদের ব্যক্তিগত তথ্যবলী সরবরাহ করার জন্য ইওরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গত মাসে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।
প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ মঙ্গলবার বলেছেন, যে সব দেশ ইরাক ও সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহায়তা করছে সেসব দেশকে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাড়িয়ে দেওয়ার জন্য কংগ্রেসকে আহ্বান জানাবেন তিনি।
