২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বজনের খোঁজে হাহাকার টাইফুন বিধ্বস্ত ফিলিপাইনে

টাইফুন বিধ্বস্ত ফিলিপাইনের মধ্যাঞ্চলে এখন চলছে হাহাকার আর কান্নার রোল। মাটি চাপা পড়া স্বজনের খোঁজে মানুষ ছুটে চলছে এদিক-সেদিক। উদ্ধার তৎপরতা পুরোদমে চললেও জীবিত কাউকে পাওয়ার আশা ধীরে ধীরে কমে আসছে। টাইফুনে সৃষ্ট ভূমিধসে এখনো কত মানুষ চাপা পড়ে আছে তার সঠিক হিসাব না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা চার শ’ ছাড়িয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এ রকম ধ্বংসযজ্ঞ তারা আগে কখনো দেখেননি। ভূমিধসে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। ঝড়ে খুঁটি উপড়ে পড়ায় অনেক অঞ্চল এখনো বিদ্যুৎহীন। সর্বস্ব হারিয়ে ৪৫ হাজার মানুষ খোলা আকাশের নিচে।

বৃহস্পতিবার ফিলিপাইনের মধ্যাঞ্চল দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্করী টাইফুন দুরিয়ান। গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সোমবার নাগাদ এটি আরো দুর্বল হয়ে ভিয়েতনামের ওপর দিয়ে প্রবাহিত হবে বলে আবহাওয়াবিদরা আভাস দিয়েছেন।

ঝড়ে আলবে প্রদেশে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। প্রাদেশিক গভর্নর ফার্নান্ডো গঞ্জালেস বলেন, ছয় ফুট উচ্চতার পানির তোড়েই ভেসে যায় প্রায় এক শ’ লোক। বাইকোল এলাকায় দু’শ’ ৮টি লাশ উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা। সেখানে এখনো প্রায় দু’শ’ লোক নিখোঁজ রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের আঞ্চলিক প্রধান সেডরিক দায়েপ বলেন, আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। তবে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা এখন ক্ষীণ।

ভূমিধসে মায়ন আগ্নেয়গিরির কাছের গ্রামটি প্রায় পুরোটাই মাটিচাপা পড়েছে। সেখানে ৫০টি লাশ উদ্ধার করা হয়েছে। গত সেপ্টেম্বরে আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ শুরু হলে অনেক গ্রামবাসী এলাকা ছাড়েন। বৃহস্পতিবার থেকে টাইফুনের কারণে লাভার সঙ্গে শুরু হয় ব্যাপক ভূমিধস।

ঝড়ের কবলে পড়া ওই এলাকার র‌্যামন ভ্যালদারেমা বলেন-‘ঝড় শুরু হলে আমি একটি নারকেল গাছে উঠে পড়ি। কিন্তু বাতাসের তীব্র ঝাপটা নিজেকে গাছের সঙ্গে ধরে রাখা ছিল দুঃসাধ্য একটি ব্যাপার। এক সময় ঝড় উড়িয়ে নিয়ে আমাকে সাগরে ফেলল। ওই সময় চিৎকার করা ছাড়া আমার আর কোনো উপায়ই ছিল না।’ ঝড়ের হাত থেকে নিজে প্রাণে রক্ষা পেলেও স্ত্রী ও সন্তান হারিয়েছেন ভ্যালদারেমা।

ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন স্থানে আশ্রয় শিবির খোলা হয়েছে। সরকারসহ বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে সেখানে বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে।

গত তিন মাসে ফিলিপাইনে এ নিয়ে চতুর্থ টাইফুন আঘাত হানল। আবহাওয়াবিদরা বলছেন, বছর শেষের আগেই আরো একটি ঝড় আঘাত হানতে পারে ওই অঞ্চলে। গত সেপ্টেম্বরে টাইফুন জাংশেনের আঘাতে ফিলিপাইনে দুই শতাধিক লোকের প্রাণহানি হয়।