২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে অচল বৈরুত

হিজবুল্লাহ ও এর সহযোগী রাজনৈতিক দলগুলোর অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে বৈরুত। অনির্দিষ্টকালের জন্য রাজপথে অবস্থান নিয়েছে তাদের হাজার হাজার সমর্থক। সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 03:03 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এদিকে প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা বলেছেন, রাজপথের আন্দোলনের কাছে তিনি নতি স্বীকার করবেন না। অবরোধের মুখে বিপুলসংখ্যক নিরাপত্তা রক্ষী এখন প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে রেখেছে।

শিয়া মতবালম্বী হিজবুল্লাহর অভিযোগ, সিনিওরার সরকার পশ্চিমাদের পুতুলে পরিণত হয়েছে এবং তাদের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। তাই সরকার পতনে শুক্রবার থেকে তারা অবরোধের ডাক দেয়। এ জন্য সারাদেশ থেকে কর্মী সমর্থকদের বৈরুতে এনে জড়ো করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নেয়। স্থায়ীভাবে অবস্থানের জন্য রীতিমতো তাঁবু খাটিয়ে নিয়েছে তারা। বৈরুতের সড়কগুলোও তারা অবরোধ করে রেখেছে।

হিজবুল্লাহর পাশাপাশি একটি খ্রিস্টান রাজনৈতিক দলও অবরোধে নেমেছে। ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট ফর খ্রিস্টান এর নেতা মাইকেল আউন শুক্রবার রাতে তাঁবু খাটিয়ে তার সমর্থকদের নিয়ে অবরোধ শুরু করেন।

সরকারের অন্তর্ভুক্ত সুন্নি দলের নেতারা দেশকে অস্থিতিশীল করতে হিজবুল্লাহকে মদদ যোগানোর জন্য সিরিয়া ও ইরানকে দায়ী করেছে। তারা দাবি করেছে, বিরোধীরা ক্যু ঘটানোর ষড়যন্ত্র করছে। শুক্রবার প্রধানমন্ত্রী সিনিওরা রাজপথের আন্দোলনে নতি স্বীকার না করার ঘোষণা দেন। অবরোধের মধ্যেই কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। সুন্নি নেতা সাদ আল হারিরি বলেন, রাজপথের আন্দোলনে সরকার হটানো যাবে না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দাবি করা হয়েছে, সৌদি আরব সিনিওরা সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।

সিরিয়াবিরোধী সরকারের অভিযোগ, হিজবুল্লাহর এ আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা তদন্তে আন্তর্জাতিক ট্রাইবুনালের কার্যক্রম বাধাগ্রস্ত করা।

কয়েক মাস আগে মন্ত্রিসভার ছয় সদস্য পদত্যাগ করলে সিনিওরা সরকার কিছুটা বিপাকে পড়ে। এর পর সিরিয়াবিরোধী মন্ত্রী পিয়ের জেমাইলের হত্যার ঘটনা সরকারকে আরো দুর্বল করে দেয়। হারিরি ও জেমাইল হত্যার জন্যও সিরিয়ার দিকে অভিযোগের আঙ্গুল তোলে সরকার। তবে সিরিয়া ওই অভিযোগ অস্বীকার করে।

এ প্রসঙ্গে রফিক হারিরির ছেলে ও সুন্নি নেতা সাদ হারিরি বলেন, যখন হারিরি হত্যা তদন্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কাজ শুরু করতে যাচ্ছে, তখন হিজবুল্লাহর এ তৎপরতা প্রমাণ করে এতে তাদের সংশ্লিষ্টতা রয়েছে।