এইডস পরীক্ষা না করে বিয়ে নয় ইউনানে
এইডস পরীক্ষা না করে বিয়ে করতে পারবে না কোন হবু বর-কনে। নিজের অজ্ঞাতে এইডস সংক্রমণের হাত থেকে তরুণ তরুণীকে বাঁচাতে এমন আইন করতে যাচ্ছে চীনের ইউনান প্রদেশের কর্মকর্তারা। সিনহুয়া শনিবার এ খবর জানিয়েছে।
মাদক উৎপাদন ও চোরাচালানের ‘গোল্ডেন ট্রায়াঙ্গেলের’ লাগোয়া এ চীনা প্রদেশটি ভয়াবহ এইডস সংক্রমণের শিকার। অনেক তরুণ-তরুণী মাদকাসক্ত হওয়ায় এখানে এইডসের বিস্তার ঘটছে খুব দ্রুত।
আগামী ১ জানুয়ারী থেকেই বাধ্যতামূলক এ কার্যক্রম চালু করতে যাচ্ছে প্রদেশটির সরকার। নিয়মানুযায়ী স্বাস্থ্য বিভাগের কাছ থেকে এইডস পরীক্ষা করাতে হবে সব হবু বর-কনেকে। তারপর সেখান থেকেই হবু বর-বধুরা সংগ্রহ করবে এইডস পরীক্ষার ফলাফল।
এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সম্প্রতি পাস হওয়া একটি প্রাদেশিক আইনের আওতায় এ কার্যক্রম গ্রহণ করছে ইউনান প্রদেশ। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত দেশটিতে ঘোষিত এইডস রোগীর সংখ্যা ১,৮৩,৭৩৩। কিন্তু বেইজিং এবং জাতিসংঘ উভয়েরই ধারণা এর প্রকৃত সংখ্যা হবে প্রায় ৬,৫০,০০০।
