ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১৪৬ জন নিহত
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১৪৬ জন নিহত হয়েছে এবং আরো ৭৫ ব্যক্তি নিখোঁজ রয়েছে। স্থানীয়ভাবে তাইফুন দুরিয়ান নামে পরিচিত এ ঘূর্ণিঝড়টি বৃহষ্পতিবার দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে আঘাত হানে।
ঝড়ো বাতাস, ব্যাপক বৃষ্টি, বন্যা ও ভূমিধ্বসে প্রায় ২২,০০০ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। বিপুল সংখ্যাক ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে, বিমান ও সমুদ্র যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।
মায়ন আগ্নেয়গিরির ঢালে ভূমিধ্বস থেকে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ অন্যান্য অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির খবরাখবর এসে পৌঁছালে হতাহতের সংখ্যা আরো অনেক বেড়ে যেতে পারে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিশেষত মধ্যবর্তী বাইকোল অঞ্চলে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যাবস্থা ভেঙ্গে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
মারিনদুক দ্বীপে তাইফুনের আঘাতে গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের খুঁটি পড়ে গেছে এবং বহু বাড়িঘড়ের চাল উড়ে গেছে। স্থানীয় কংগ্রেস সদস্য এডমুন্ড রাইয়েস বলেছেন ওই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে এবারের তাইফুন দুরিয়ানে।
ম্যানিলার ২০০ মাইল দক্ষিণে মায়ন আগ্নেয়গিরির পাশ্ববর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রাজধানী ম্যানিলায় তেমনভাবে আঘাত হানেনি তাইফুন দুরিয়ান। দেশটির প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়ো উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
