আম্বেদকরের মূর্তি ভাঙ্গায় মুম্বাইয়ে দাঙ্গা, নিহত ৩
বি আর আম্বেদকরের মূর্তি ভাঙ্গচুর করার প্রতিবাদে বৃহষ্পতিবার মহারাষ্ট্রে দাঙ্গা শুরু হলে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। হাজার হাজার বিক্ষুব্ধ ‘দলিত’ রাজ্যের রাজধানী মুম্বাইয়ে পুলিশের ওপর হামলা চালায়, ট্রেনে ও গাড়িতে আগুন দেয়, দোকানপাট ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। নগরীর কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। মুম্বাই ছাড়াও মহারাষ্ট্রের অন্যান্য শহরেও সহিংসতা ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ১৫০০ লোককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তর প্রদেশে বুধবার দলিত আন্দোলনের পথিকৃৎ এবং ভারতীয় সংবিধানের অন্যতম প্রণেতা বি আর আম্বেদকরের একটি মূর্তির ক্ষতিসাধন করা হয়। এতে প্রতিবাদে ফেটে পড়ে নিম্নবর্ণ হিন্দু তথা ‘দলিত’ সম্প্রদায়ের মানুষ। আম্বেদকরের মূর্তি ভাংচুরের জন্য দায়ী দুস্কৃতকারীদের আটক ও শাস্তি দেওয়ার দাবিতে তার বিক্ষোভ শুরু করে।
বৃহষ্পতিবার হাজার হাজার মানুষের অনেক মিছিল লাঠি, ব্যানার ও ফেস্টুন নিয়ে নগরীর বিভিন্ন অঞ্চলে ঘুরে দোকানপাট বন্ধ করে দিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, মুম্বাইয়ের ওরলি, বান্দ্রা এবং চেম্বুর এলাকায় বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশ।
ওসমানাবাদ এলাকায় পুলিশের গুলিতে একজন নিহত হয়। মহারাষ্ট্রের পুলিশ প্রধান পি এস পাসরিচা এক সংবাদ সম্মেলনে জানান, ‘বাকি দুজন সহিংসতায় মারা গেছে’। রাজ্যজুড়ে গ্রেপ্তার করা হয়েছে ১৫০০ ব্যক্তিকে।’ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নগরীর কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়।
মুম্বাই পুলিশের জয়েন্ট কমিশনার অরূপ পাট্টানায়েক জানান, বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
রয়টার্সের একজন ফটো সাংবাদিক জানান, তিনি নগরীর উত্তরাঞ্চলে তিনটি ট্রেন আগুনে পুড়তে দেখেছেন। তবে রেলওয়ের একজন কর্মকর্তা মাত্র দুটি বগি আগুন পুড়ে যাওয়ার কথা জানান।
একসময় ‘অস্পৃশ্য’ বলে চিহ্নিত দলিত সম্প্রদায়ের মানুষেরা ভারতের মোট জনগোষ্ঠীর ১৬ ভাগ হলেও সমাজের সর্বস্তরেই এখনো অনেক সুবিধা বঞ্চিত অবস্থায় রয়েছে।
