বুশ-মালিকি বৈঠকে ইরাক ভাগ না করার ঐকমত্য
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, ইরাককে ভাগ করা কোনো বিচারেই যৌক্তিক হবে না, বরং তাতে সহিংসতাকেই উৎসাহিত করা হবে। এ বিষয়ে ইরাকি প্রধানমন্ত্রীও একমত প্রকাশ করেছেন।
জর্ডানের রাজধানী আম্মানে বৃহস্পতিবার ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সঙ্গে বহুল আলোচিত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বুশ এ কথা বলেন। এ সময় তিনি নুরি আল মালিকিকে একজন যোগ্য রাষ্ট্র নেতা হিসেবেও অভিহিত করেন।
প্রেসিডেন্ট বুশ বলেন, ইরাক একক রাষ্ট্র হিসেবে টিকে থাকলেই আমরা বলতে পারব সেখানে আমরা সফল হয়েছি। অনেকে বলেন, ইরাককে ভেঙ্গে কয়েকটি রাষ্ট্র গঠন সেখানে সমস্যার সমাধান আনতে পারে। কিন্তু আমি মনে করি, সেটা হবে ভুল। ইরাকি প্রধানমন্ত্রীও আমার সঙ্গে একমত। আর ইরাকিরাও এটা চায় না। এ ধরনের ঘটনা সেখানে গৃহযুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে বলে প্রেসিডেন্ট বুশ আশঙ্কা প্রকাশ করেন।
এ ছাড়া ইরাকে নিরাপত্তার দায়িত্ব নিতে সে দেশের নিরাপত্তা রক্ষীদের আরো ট্রেনিংয়ের বিষয়েও উভয়ের মধ্যে ঐকমত্য হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জানান। তিনি আরো জানান, নিরাপত্তার দায়িত্ব শিগগিরই ইরাকি বাহিনীর হাতে ছেড়ে দেয়ার ব্যাপারে নুরি আল মালিকির সঙ্গে তার আলোচনা হয়েছে।
প্রেসিডেন্ট বুশ বলেন, ইরাক সরকার যতদিন চাইবে মার্কিন সেনারা ততদিনই সেখানে থাকবেন, এর বেশি নয়।
প্রেসিডেন্ট বুশের সঙ্গে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর বৈঠকের কথা রয়েছে। এছাড়া বাদশাহ আবদুল্লাহ নূরি আল মালিকির সঙ্গেও আলাদা বৈঠক করবেন।
