বনের ওপর অধিকার দাবিতে ভারতে আদিবাসীদের বিক্ষোভ
প্রজন্মের পর প্রজন্ম ধরে যে বনে বাস, সে বনাঞ্চলের ওপর নিজেদের অধিকার দাবিতে বুধবার নয়া দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে আদিবাসীরা। এ বিষয়ে খুব শিগগির আইন প্রণয়নের জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
‘বনাঞ্চলে কার অধিকার বেশি-আমাদের আমাদের’, ‘বনের দেখাশোনা কে করবে-আমরা আমরা’-এ রকম স্লোগান নিয়ে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত কয়েক হাজার আদিবাসী শহরের রাস্তাগুলোয় অবস্থান নেয়। তারা অভিযোগ করেন, বন সংরক্ষণের নামে তাদের আবাস ভূমি থেকে উৎখাত করা হচ্ছে । এছাড়া তাদের সঙ্গে বন কর্মকর্তাদের আচরণ এমনই যেন তারা অপরাধী।
এ আদিবাসী বিক্ষোভের অন্যতম উদ্যোক্তা শঙ্কর গোপালকৃষ্ণাণ বলেন, ভারতের সবচেয়ে উর্বর ভুমিতে বাস করে লক্ষ লক্ষ আদিবাসী। অথচ এ প্রান্তিক জনগোষ্ঠী সে ভূমির কোনো কিছুই ব্যবহার করতে পারছে না। অতিকষ্টে তারা দিন কাটাচ্ছে। প্রতিবছরই বিভিন্ন বনভূমি থেকে তাদের জোর করে উৎখাত করা হচ্ছে। বন ছাড়তে না চাইলে নেমে আসে নির্যাতনের খড়গ। বন কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের যোগসাজশে এ উৎখাত অভিযান চলছে বলে তিনি অভিযোগ করেন।
দিল্লির মতো বিক্ষোভ হয়েছে রাচি ও ভুবনেশ্বরেও। রাচিতে বিক্ষোভরত ৬০ বছর বয়সী আদিবাসী নারী রাম্বতি বাই বলেন, শত শত বছর ধরে আমরা ছিলাম ওড়িষ্যার বনভূমিতে। অথচ এখন সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না আমাদেরই। গত বছর বন কর্মকর্তারা গ্রামে এসে আমাদের বলল, এলাকা ছাড়তে হবে। এটা কি এতই সহজ? যে বনের সঙ্গে আমাদের নিত্যদিনের সম্পর্ক সে ছাড়া আমরা কি বাঁচতে পারব?
বিক্ষোভরত অনেকেরই অভিযোগ, বন কর্মকর্তাদের নির্দেশ মেনে এলাকা না ছাড়ায় বিভিন্ন মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।
বনভূমির ওপর আদিবাসীদের অধিকার সংরক্ষণে ভারত সরকার একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে। কিন্তু এ নিয়ে আশঙ্কা প্রকাশ করে কয়েকটি পরিবেশবাদী গোষ্ঠী বলছে, আইনটিতে সরকার আদিবাসীদের যে অধিকার দিতে যাচ্ছে, তাতে অনেক বন্যপ্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।
তবে তাদের এ আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে আদিবাসীরা বলছেন, তারা পরিবেশ কিংবা বন্যপ্রাণীর জন্য হুমকি নন। বরং যারা বনভূমি ধ্বংস করে শিল্প কারখানা স্থাপন করতে চাচ্ছে তারাই পরিবেশের জন্য হুমকি।
