ব্রিটিশ এয়ারওয়েজের দুটি বিমানে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে
ব্রিটিশ এয়ারওয়েজের দুটি বিমানে হালকা মাত্রায় তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। তেজস্ক্রিয় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে রাশিয়ার সাবেক গোয়েন্দা আলেক্সান্ডার লিতভিনেনকোর মৃত্যু তদন্ত করতে গিয়ে পুলিশ এ তেজস্ক্রিয়তা খুঁজে পায়। বুধবার বিমান সংস্থাটি একথা জানায়।
ব্রিটিশ-এয়ারওয়েজের লন্ডন-মস্কো রুটের ৩টি বি-৭৬৭ বিমানের মধ্যে দুটিতে এই তেজস্ক্রিয়তা পাওয়া যায়। লন্ডনের হিথরো বিমানবন্দরে অবস্থানরত এই দুটি বিমানের পাশাপাশি মস্কোয় অবস্থানরত বাকি বিমানটিও ফরেনসিক পরীক্ষার জন্য যাত্রী পরিবহন থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজ এখন গত এক মাসে এই বিমানের ২০০টিরও বেশি ফ্লাইটের ৩৩ হাজার যাত্রী এবং ৩ হাজার স্টাফের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার এক দুঃসাধ্য কাজে নামতে যাচ্ছে। যাত্রীদের সহায়তা দিতে এ জন্য ‘হেল্পলাইন সেন্টার’ খোলা হয়েছে।
সস্তায় সেবা প্রদানকারী অন্যান্য বিমান সংস্থার সঙ্গে প্রতিযোগিতা, জ্বালানির উচ্চ মূল্য এবং স্টাফদের পেনশনের অর্থ শোধ নিয়ে নাজেহাল অবস্থায় আছে ব্রিটিশ এয়ারওয়েজ। এর মধ্যে তেজস্ক্রিয়তার মতো বিপজ্জনক ঘটনা নিয়ে আরো নাজুক অবস্থায় পড়তে হচ্ছে ইওরোপের তৃতীয় বৃহত্তম বিমান সংস্থাটিকে ।
তবে যাত্রীদের তেজস্ক্রিয়তায় আক্রান্ত হওয়া কিংবা জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। লিতভিনেনকো আক্রান্ত অবস্থায় যেসব স্থানে ভ্রমণ করেছেন সে জায়গাগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছে পুলিশ।
তেজস্ক্রিয় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে গত বৃহষ্পতিবার মারা যান সাবেক গোয়েন্দা লিতভিনেনকো। তার শরীরে উল্লেখযোগ্য পরিমাণ ‘রেডিও এ্যকটিভ পোলোনিয়াম ২১০’ পাওয়া যায়। হাসপাতালে মৃত্যুর আগে লিতভিনেনকো বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। ক্রেমলিন এ অভিযোগ নাকচ করে দিয়েছে।
