২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশন শেষের আগে সেনা প্রত্যাহার নয়: বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, মিশন শেষ হওয়ার আগে ইরাক থেকে সেনা প্রত্যাহার করা হবে না। একই সঙ্গে ইরাকের সাম্প্রতিক সহিংসতার জন্য আল কায়দাকে দায়ী করেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Nov 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ন্যাটোর একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট বুশ এখন বাল্টিক অঞ্চলে সফরে রয়েছেন।

মঙ্গলবার লাটভিয়া ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, একটি বিষয় আমি কখনোই করব না। সেটা হচ্ছে, মিশন শেষ হওয়ার আগেই যুদ্ধক্ষেত্র থেকে সেনা প্রত্যাহার।

এস্তোনিয়ায় এক সংবাদ সম্মেলনে বুশ বলেন, ইরাকে সাম্প্রতিক হামলাগুলোর ধরনই বলে দেয়, আল কায়দা সেখানে গৃৃৃহযুদ্ধ বাঁধানোর পাঁয়তারা চালাচ্ছে। এই চেষ্টা জারকাবিও ছিল। গত ফেব্রুয়ারিতেও আমরা এ ধরনের ঘটনা দেখেছি। ইরাকিরা তাদের দেশের ভাগ্য গড়ুক, এটা আল কায়দা ও বিদেশি জঙ্গিরা চায় না বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট বুশ।

ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে ইরাকের বর্তমান অবস্থাকে গৃহযুদ্ধ বলেই আখ্যায়িত করছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের প্রচার মাধ্যমগুলো। কিন্তু হোয়াইট হাউজ তা মানতে নারাজ। বাগদাদে মার্কিন সামরিক মুখপাত্র মেজর জেনারেল উইলিয়াম কাল্ডওয়েলও বলেছেন, ইরাকে পরিস্থিতির অবনতি ঘটলেও এটাকে গৃহযুদ্ধ বলা যাবে না।

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরাকে সহিংসতার জন্য মার্কিন সেনা উপস্থিতিকেই দায়ী করেছেন। সফররত ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানির সঙ্গে তেহরানে বৈঠককালে মঙ্গলবার তিনি একথা বলেন। ইরান টেলিভিশন জানায়, আলী খামেনি বলেছেন, দখলদার সেনা প্রত্যাহার এবং নিরাপত্তার দায়িত্ব ইরাক সরকারের কাছে হস্তান্তরই ইরাক পরিস্থিতি স্বাভাবিক করতে পারে।