২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যামামলায় দোষীসাব্যস্ত ভারতের কয়লামন্ত্রী শিবু সরেন

অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের কয়লামন্ত্রী শিবু সরেন। মঙ্গলবার নয়া দিল্লির এক আদালত ১২ বছর আগে নিজের সাবেক ব্যক্তিগত সচিবকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের যুক্ত থাকার জন্য তাকে দোষী সাব্যস্ত করে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Nov 2006, 04:08 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বৃহস্পতিবার মামলার চূড়ান্ত রায় হওয়ার কথা রয়েছে। রায়ে শিবু সরেনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

মঙ্গলবার শিবু সরেন আদালতে উপস্থিত ছিলেন। আদালত থেকেই তাকে হাজতে নিয়ে যাওয়া হয়। তিনি এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। মামলায় শিবু সরেন ছাড়াও আরো চার জনকে দোষী সাব্যস্ত করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মুখপাত্র জানিয়েছেন, তিনি (মনমোহন সিং) শিবু সরেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের আহ্বান জানাবেন।

১৯৯৪ সালের মে মাসে অপহৃত হন শিবু সরেনের সাবেক ব্যক্তিগত সচিব শশীনাথ ঝা। কয়েকদিন পরে রাচিতে তার লাশ উদ্ধার করা হয়। বাদী পক্ষের দাবি, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সঙ্গে শিবু সরেনের ঘুষ লেনদেনের বিষয়টি শশীনাথ জানতেন বলেই তাকে হত্যা করা হয়।

ঝাড়খণ্ড রাজ্যের আদিবাসী নেতা, ৬২ বছর বয়সী শিবু সরেন কেন্দ্রীয় সরকারের কয়লামন্ত্রী হওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তার দল ‘ঝাড়খণ্ড মুক্তি মোর্চা’ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের অন্যতম শরিক।