একই সৃষ্টিকর্তায় বিশ্বাসী হওয়ায় খ্রিস্টান-মুসলমান আলোচনা চলা উচিত: পোপ
ইসলাম ও তুরস্কের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে তুরস্ক সফর করছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। সফরের প্রথম দিন শেষে বুধবার তার খ্রিস্টানদের সবচেয়ে শ্রদ্ধার স্থান ‘মেরি হাউস’ পরিদর্শন করার কথা।
ইসলামের ব্যাপারে তার অবস্থান নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সফরের শুরুতে মঙ্গলবার তা প্রশমনের চেষ্টা চালান বেনেডিক্ট। এ ছাড়াও ইউরোপে তুরস্কের ভবিষ্যৎ ভূমিকার বিষয়টি প্রাধান্য পায়।
রাজধানীতে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে পোপ বলেন, খ্রিস্টান ও মুসলমানরা একই সৃষ্টিকর্তা এবং অর্থপূর্ণ জীবনধারায় বিশ্বাস করে। তাই এ দুই সম্প্রদায়ের উচিত খোলামেলা আলোচনা চালিয়ে যাওয়া। ওই অনুষ্ঠানে দেশটির শীর্ষ মুসলিম নেতা আলী বাদাকোগলু মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী তৈরি করা আতঙ্ক ‘ইসলামফোবিয়া’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
প্রসঙ্গত, জার্মানীতে সেপ্টেম্বরে দেওয়া এক ভাষণে বাইজেনটাইনের সম্রাটের উদ্ধৃতি দিয়ে পোপ ইসলামকে ‘সহিংসতাপূর্ণ এবং যুক্তিহীন’ ধর্ম বলে উল্লেখ করেন। এ বক্তব্যে বিশ্বব্যাপী মুসলমানরা ক্ষোভে ফেটে পড়ে। তার এই তুরস্ক সফরের সময় দেশটিতে তাই ব্যাপক বিক্ষোভ হওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, মঙ্গলবার তেমন কিছু ঘটেনি। শুধু রাজধানী আঙ্কারায় ছোট দুটি শান্তিপূর্ন বিক্ষোভ হয়। প্রায় ৩,০০০ পুলিশ এদিন আঙ্কারায় টহল দেয়।
পোপ বুধবার এজিয়ান তীরবর্তী শহর আফেসাসে ‘মেরিস হাউস’ দেখতে যাবেন। যিশু খ্রিস্টের মা মেরি জীবনের শেষ বছরগুলো এখানে কাটিয়েছেন বলে খিস্টানরা বিশ্বাস করে। এরপর তিনি যাবেন ইস্তাম্বুল। এখানে তিনি অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা একুমেনিকাল পেট্রিআরক বার্থোলোমিউ’র অতিথি হিসেবে সফরের শেষ দুদিন কাটাবেন।
‘তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিলে দেশটি ইউরোপের সঙ্গে সম্পূর্ন বেমানান হবে’-পোপ নির্বাচিত হওয়ার আগে বেনেডিক্ট ২০০৪ সালে একথা বললেও এখন সে মত থেকে সরে এসেছেন। তুরস্কের প্রধানমন্ত্রী তাইয়িপ এরদোগান সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেছেন, পোপ ইইউতে যোগদানের ব্যাপারে তুরস্কের প্রতি সমর্থন জানিয়েছেন। এরদোগান আরও জানান, ইসলামের শান্তিপূর্ণ দিকটার কথাই পোপ বারবার তুলে ধরছেন।
