২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্ররাখার দায়ে সঞ্জয় দত্ত দোষীসাব্যস্ত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত অবৈধভাবে অস্ত্ররাখার দায়ে দোষীসাব্যস্ত হয়েছেন। ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার বিচার প্রক্রিয়ায় আদালত মঙ্গলবার এই সিদ্ধান্ত জানায়। তবে তাকে ষড়যন্ত্রের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Nov 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সঞ্জয়ের বিরুদ্ধে ওই বোমা হামলার সঙ্গে সম্পর্কিত আলামত নষ্টের চেষ্টা, অবৈধভাবে অস্ত্ররাখা এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন।

মুম্বাইয়ে বিশেষ সন্ত্রাস দমন আদালতের বিচারক প্রমোদ কোড়ে জনাকীর্ণ আদালত কক্ষে বলেন, ‘সঞ্জয় সন্ত্রাস বা ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছেন–এমন তথ্যপ্রমাণ যুক্তিতর্ক উপস্থাপনকালে কেউ হাজির করতে পারেনি।’ আসামীর কাঠগড়ায় দাঁড়ানো সঞ্জয়ের দিকে তাকিয়ে বিচারক এরপর বলেন, ‘আমি বলছি, আপনি সন্ত্রাসী নন’। সঞ্জয় এসময় কিছু বলতে বিচারকের কাছে দুমিনিট সময় চান। কিন্তু পাড়ে বলেন, ‘আপনাকে কথা বলতে পরে সময় দেওয়া হবে।’ নীল জিনস প্যান্ট ও ধুসর রঙের শার্ট পরা সঞ্জয়কে আদালত কক্ষে বেশ গম্ভীর দেখাচ্ছিল।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চলা এই বিচার প্রক্রিয়ায় ১২৩ জন অভিযুক্তের মধ্যে আদালত গত সোমবার পর্যন্ত ৮৬ জনকে দোষীসাব্যস্ত করেছে। এদের বেশিরভাগই মুসলমান। সবার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া শেষ করে দণ্ড ঘোষণা করতে আদালতের আরো দুসপ্তাহ লাগতে পারে। ওই সিরিজ বোমা হামলার মূল হোতা বিবেচনা করা হচ্ছে দাউদ ইব্রাহিমকে। তিনি এখন পাকিস্তানে আছেন বলে বিশ্বাস করা হয়।

রায় ষোষণার দিন ঘনিয়ে আসায় সঞ্জয় কয়েক দিন আগে বলেন, তিনি বেশ নার্ভাস বোধ করছেন। একটি টিভি চ্যানেলকে তিনি এটাও বলেন, ‘আদালত যে রায়ই দেন না কেন আমি তা মাথা পেতে নেবো।’

বিচার প্রক্রিয়ার প্রথম দিকে সঞ্জয় দত্ত বলেছিলেন, নিজের পরিবারের নিরাপত্তা রক্ষার জন্য বোমা হামলায় অভিযুক্তদের কাছ থেকে একটি অটোমেটিক রাইফেল কিনেছিলেন। পরে অবশ্য ওই বক্তব্য থেকে তিনি সরে আসেন।

১৯৯৩ সালে মুম্বাইয়ে ওই বোমা হামলায় ২৫৭ ব্যক্তি নিহত হয়।