৫৫ আল কায়দা সদস্যকে হত্যার দাবি ইরাকের আদিবাসীদের
ইরাকের পশ্চিমাঞ্চলে ৫৫ জন আল কায়দা সদস্যকে হত্যার দাবি করেছে আদিবাসীরা।
এদিকে বাগদাদের দক্ষিণের শহর হাশওয়ায় একটি বাজারে রোববার গাড়িবোমা বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত হয়েছে।
আল আনবার প্রদেশের আদিবাসী কাউন্সিলের প্রধান সাত্তার আল বাজিয়া বলেন, শনিবার ওই অঞ্চলে আদিবাসীদের সঙ্গে সংঘর্ষে ৫৫ জন আল কায়দা সদস্য নিহত হয়। এতে নয় জন আদিবাসীও প্রাণ হারায়। আল কায়দার একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় ওই সংঘর্ষ বাধে বলে তিনি জানান। তিনি আরো দাবি করেন, ওই ঘাঁটি থেকে আদিবাসীরা ২৫ জন আল কায়দা সদস্যকেও আটক করেছে।
এদিকে মার্কিন বাহিনী বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আদিবাসী গ্রাম সোফিয়াতে আল কায়দা হামলা চালালে আদিবাসীরাও প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে আদিবাসীদের রক্ষায় মার্কিন বাহিনীও আল কায়দা যোদ্ধাদের লক্ষ করে বিমান হামলা চালায়। তবে এতে হতাহতের বিষয়ে মার্কিন বাহিনীর বিবৃতিতে কিছু বলা হয়নি।
হাশওয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ছয় কিংবা সাতও হতে পারে পুলিশ জানিয়েছে। এতে আহত হয় আরো ২৭ জন। ধারণা করা হচ্ছে, এটা একটা আত্মঘাতী হামলা।
এদিকে বাগদাদে তৃতীয় দিনের মতো সান্ধ্য আইন জারি রয়েছে। এর মধ্যেই রোববার সকালে শহরে আরো কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
