২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয়দের চোখে ঈশ্বর স্রষ্টা তবে নিয়ন্ত্রক নন

ঈশ্বর সম্পর্কে বেশিরভাগ ভারতীয়ের বিশ্বাস তিনি স্রষ্টা কিন্তু দৈনন্দিন মানব জীবনের নিয়ন্ত্রক নন। তারা মনে করেন মহাকাশ ও বিশ্বজগতের সব কিছু নিয়ন্ত্রণ করলেও মানুষের বেলায় তিনি নিশ্চুপ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Nov 2006, 06:48 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এক জরিপ চালিয়ে রোববার প্রকাশ করা হয়েছে এ তথ্য। ‘টাইমস অব ইন্ডিয়া’ পত্রিকার জন্য জরিপটি চালায় টিএনসি নামে একটি মার্কেট রিসার্চ ফার্ম।

ভারতের ১০টি শহরের হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং শিখ ধর্মাবলম্বী ১,০০৭ জনের ওপর চালানো জরিপে দেখা যায়, বেশিরভাগই ‘মানুষের প্রাত্যহিক ও দৈনন্দিন জীবন ঈশ্বর নিয়ন্ত্রণ করছে’-এ কথায় মোটেই বিশ্বাসী নয়। ৯১ শতাংশ উত্তরদাতা করেন, সুর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর ঘূর্ণন বা আবর্তন, মহাকাশ ও মহাবিশ্বের সৃষ্টি ও নিয়ন্ত্রণ, মানুষ ও বিভিন্ন প্রাণীর জীবন ও মৃত্যু-এরকম বড় বড় বিষয়গুলো ঈশ্বর নিয়ন্ত্রণ করলেও মানুষের দৈনন্দিন জীবন নিয়ন্ত্রণে তার কোনো আগ্রহ নেই।

৪৬ ভাগ বলেছেন, ‘মানুুষের বেলায় ঈশ্বরের ভূমিকাটি পর্যবেক্ষকের, নিয়ন্ত্রকের নয়।’

‘ঈশ্বর দেখতে কেমন’ এ রকম প্রশ্নের জবাবে ৮০ শতাংশই বলেছেন, ইশ্বরের আকার ও আকৃতি মানুষের মতোই; ২৩ ভাগ বিশ্বাস করে ঈশ্বর পুরুষ, ১১ ভাগ মনে করে তিনি নারী। আর ৪৯ শতাংশ মনে করে ঈশ্বর নারী ও পুরুষ-দুটোই।

তবে ৫৪ শতাংশ ভারতীয় গভীরভাবে বিশ্বাস করে তাদের প্রার্থনার জবাব দেন ঈশ্বর। আর ৫৬ ভাগ মনে করেন তিনি অন্যায়ের উর্ধ্বে।