২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাসব্যবসায় ভূমিকার জন্য ব্রিটেনের দুঃখ প্রকাশ

দাস ব্যবসায় ব্রিটেনের ভূমিকার ব্যাপারে ‘গভীর দুঃখ’ প্রকাশ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ওই নির্মম ব্যবসা বিলুপ্ত করার আইন প্রণয়নের ২০০ বছর পূর্তি উপলক্ষে ব্লেয়ার শিগগিরই এই দুঃখ প্রকাশ করবেন। রোববার অবজারভার পত্রিকা এই তথ্য জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Nov 2006, 04:18 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এক বিবৃতিতে ব্লেয়ার বলেন, ‘এ আইনের ২০০ বছর পূর্তিতে আমরা উপলব্ধি করছি কতটা লজ্জাজনক ছিল দাসব্যবসা, এর অস্তিত্বকে আমরা কতটা তীব্রভাবে নিন্দা করি এবং যারা এটি বিলুপ্ত করার জন্য সংগ্রাম করেছে তাদের প্রতি আমরা কতটা শ্র্দ্ধাশীল। সর্বোপরি এরকম একটি ব্যবসার অস্তিত্বের জন্য আমরা অতিশয় দুঃখ বোধ করছি।’

আগেভাবে অবজারভার পত্রিকার হাতে আসা ব্লেয়ারের ওই বিবৃতিটি কৃষ্ণাঙ্গ মানুষদের উদ্দেশে প্রচারিত পত্রিকায় নিউ নেশন পত্রিকায় প্রকাশিত হবে।

দাসব্যবসা রদ আইনের ২০০ বছর পূর্তি হবে আগামী মার্চে। তাই বিষয়টি সামনে উঠে আসায় ব্লেয়ার এই দুঃখ প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। দিনটি পালনের জন্য উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকটের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

আন্তর্জাতিক দাস ব্যবসায়ীদের হাতে নিহতদের প্রতি সম্মান জানাতে ক্যারিবিয়ান দেশগুলো জাতিসংঘে একটি প্রস্তাব পাশের যে উদ্যোগ নিয়েছে ব্লেয়ার তাতেও সমর্থন জানাবেন বলে অবজারভার জানায়।