২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে ভারসাম্য না আসলে তেল উত্তোলন কমাবে ওপেক

সৌদি আরবের তেলমন্ত্রী আলি আল-নাইমি বলেছেন বাজারে ভারসাম্য না আসলে আবারও তেল উত্তোলন হ্রাস করবে ওপেক। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান যোগান-হ্রাস বাজারে ভারসাম্য আনতে না পারলে ডিসেম্বর বৈঠকে উত্তোলন হ্রাসের এই সিদ্ধান্ত নেওয়া হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Nov 2006, 01:55 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক নভেম্বরের ১ তারিখ থেকে দৈনিক ১২ লাখ ব্যারেল উত্তোলন হ্রাস করেছে। তেলের দাম ২৫ শতাংশ বৃদ্ধির লক্ষ্যে এ যোগান কমায় তারা।

আল-নাইমি বলেন, তেলের দামই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। তেলের দাম বাজার নির্দেশকও নয়। বাজারের নির্দেশক হল মজুদের পরিমাণ এবং চাহিদার অতিরিক্ত যোগান। তেলের দাম প্রাসঙ্গিক নয়। বাজারের স্থিতিশীলতা এবং চাহিদা ও যোগানের ভারসাম্যই গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, অক্টোবরে দোহা বৈঠকে নেওয়া পদক্ষেপগুলো কতোটা কাজ করছে তা লক্ষ্য করতে হবে আমাদের। তা যদি যথেষ্ট হয় তাহলে আমরা সন্তুষ্ট থাকবো আর তা না হলে বাজারে স্থিতিশীলতা আনতে আবারও উত্তোলন হ্রাস করতে হবে।

ডিসেম্বরের ১৪ তারিখে নাইজেরিয়ায় সংস্থাটির পরবর্তী মন্ত্রিপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বৈঠকে দৈনিক আরো ৫ লাখ ব্যারেল উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নিতে হতে পারে বলে দোহার বৈঠকেই মন্তব্য করেছিলেন আল-নাইমি।

নাইজেরিয়ার তেল সরবরাহে বিঘ্নের কারণে এবং ডলারের দরপতনে অন্যান্য ভোগ্যপণ্যের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে অশোধিত তেলের দাম শুক্রবার ব্যারেল প্রতি ৬৬ সেন্ট বেড়ে দাঁড়ায় ৫৯.৯০ ডলার। তবে এর আগে বুধবার যুক্তরাষ্ট্রে তেলের মজুদ সংক্রান্ত সরকারি প্রতিবেদনে পর্যাপ্ত মজুদ থাকার খবর প্রকাশের পর বুধবার সেখানে তেলের দাম ব্যারেল প্রতি ১ ডলার কমে যায়।

বিশ্বে তেলের সবচেয়ে বড় ভোক্তা যুক্তরাষ্ট্রে তেলের মজুদ নিয়ে আল-নাইমি বলেন, এটা একটা সাময়িক ব্যাপার। সাধারণত মজুদের লক্ষ্য থাকে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করা। তবে উদ্বৃত্তের পরিমাণ অনেক বেশী হয়ে গেলে তা বাজারের স্থিতিশীলতা নষ্ট করে।