২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহযুদ্ধের কবলে না পড়তে ইরাকের প্রতি জাতিসংঘের আহ্বান

দেশকে গৃহযুদ্ধের কিনারায় না নিয়ে যেতে ইরাক সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া জাতিগত সংঘাত বন্ধেরও আহবান জানানো হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Nov 2006, 02:22 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

জাতিসংঘের দূত আশরাফ কাজী শনিবার বাগদাদে এক বিবৃতিতে বলেন, ‘সংঘাত জর্জরিত ইরাকে বিভিন্ন জাতি-গোষ্ঠির মধ্যে দাঙ্গা বন্ধে শিগগিরই জরুরিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিৎ। তা না হলে জাতিগত সহিংসতা ক্যান্সারের মতোই দেশটির আনাচে-কানাচে ছড়িয়ে অনিবার্য ধ্বংস ডেকে আনবে।’

বাগদাদে গত কয়েকদিনের ভয়াবহ বোমা হামলায় কয়েকশ লোক নিহত হওয়ার পর সেখানে সান্ধ্য আইন চলছে। সোমবার পর্যন্ত তা বহাল থাকার কথা।

গত কয়েকদিনে সবচেয়ে ভয়াবহ বোমা হামলাটি হয় বাগদাদে শিয়া অধ্যুষিত সদর সিটিতে। বৃহস্পতিবার সেখানে দফায় দফায় আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও মর্টারের গোলার আঘাতে প্রাণ হারায় ২০০রও বেশি ইরাকি। প্রতিশোধ নিতে সুন্নি গেরিলারা শিয়াদের ওপর এই হামলা চালায় বলে ধারণা করা হয়।

বৃহস্পতিবারের ঐ হামলাকে ‘প্রতিশোধস্পৃহায় অন্ধ হয়ে যাওয়া গেরিলাদের কদর্যতম কাজ’ বলে উল্লেখ করেন আশরাফ কাজী।

এদিকে, চলমান সংকটের কারণে ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি রোববার ইরানে তার পূর্ব-নির্ধারিত সফর স্থগিত করেছেন। তালাবানি জানিয়েছেন বাগদাদ বিমানবন্দর চালু না হওয়া পর্যন্ত তিনি ইরান সফর স্থগিত রাখবেন। তার এক মুখপাত্র এ তথ্য জানান।

এদিকে, সুন্নি-শিয়া সম্প্রদায়ের প্রতিশোধমূলক পাল্টাপাল্টি হামলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় সাধারণ ইরাকিরা চরম অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তারা রাত জেগে বাড়ি-ঘর পাহারা দিচ্ছে। পশ্চিম বাগদাদের সুন্নি এলাকা জামিয়ার বাসিন্দা আবু মারওয়াহ বলেন ‘আমরা সবাই নিরাপত্তাহীনতার মধ্যে ভয়ানক দিন পার করছি। শিয়া গেরিলারা আক্রমণ চালাতে পারে এই আশঙ্কায় সতর্ক রয়েছি। আত্মরক্ষার জন্য এলাকায় পাহারা বসিয়েছি এবং সবসময় সঙ্গে কালাশনিকভ রাইফেল রাখছি।’

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবারের সহিংসতায় নিহত ৩০ জন এবং শনিবারে ১৭ জন ইরাকির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।