গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার
ইসরায়েলি সামরিক বাহিনীর ধ্বংসাত্মক সেনা অভিযান আর ফিলিস্তিনিদের মুহুর্মুহু রকেট হামলা অবসানের আশা জাগিয়ে রবিবার যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজায়।
ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলোও গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের চলে যাওয়ার খবর নিশ্চিত করেছে।
ফিলিস্তিনের ক্ষমতাসীন দল হামাস জানিয়েছে, ভোর ৬ টায় যুদ্ধবিরতি কার্যকরের কিছু আগে ইসরায়েলের দিকে তিনটি রকেট ছুঁড়েছে তাদের সশস্ত্র শাখা। ওই হামলায় একটি ভবনের আংশিক ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পর আর কোন রকেট হামলার কথা জানা যায়নি।
এর আগে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ফিরিস্তিনি সব সশস্ত্র গ্রুপ ও প্রতিরোধ আন্দোলনের সঙ্গে রকেট হামলা বন্ধসহ রবিবার সকাল ৬ টা থেকে যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্যে পৌঁছান। প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রাদাইনাহ একথা জানান।
ইসরায়েলের মুখপাত্র মিরি আইসিন বলেছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রী ওলমার্টকে জানিয়েছেন, ফিলিস্তিনের সব দল-উপদলগুলি এ চুক্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এর বিনিময়ে গাজায় সামরিক অভিযান বন্ধ ও সেনা প্রত্যাহারের আহ্বান জানান। জবাবে ওলমার্ট বলেন ‘ইসরায়েল এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে। যেহেতু সহিংসতা দমনেই সেখানে অভিযান চালাচ্ছিল তাদের বাহিনী তাই সহিংসতা বন্ধ হয়ে গেলে সানন্দে সেনা প্রত্যাহার করা হবে।’
গত বছরের এক আলোচনায় গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিন ও ইসরায়েল। কিন্তু এতদিন তা সফল না হলেও এখন যুদ্ধবিরতির কার্যকর হওয়ায় দু’পক্ষের শীর্ষ বৈঠকের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রধানমন্ত্রী ওলমার্ট এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত এ বৈঠক হলে শান্তি প্রচেষ্টা বেগবান হবে বলে আশা করা হচ্ছে।
ইসরায়েলি মুখপাত্র আরো জানান, আব্বাস ও ওলমার্ট সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন এবং পশ্চিম তীরে সহিংসতা বন্ধের লক্ষ্যেও খুব দ্রুত আবার আলোচনা করতে সম্মত হয়েছেন।
২০০৫ এর সেপ্টেম্বরে গাজা থেকে ইহুদী বসতি স্থাপনকারীদের সরিয়ে নেয়া এবং সেনা প্রত্যাহার সম্পন্ন করে ইসরায়েল। কিন্তু এ বছরের জুনে এক ইসরায়েলি সেনা অপহৃত হলে সেখানে পুনরায় সেনা পাঠিয়ে অভিযান জোরদার করে। ফিলিস্তিনি রকেট হামলার জবাবে গত সপ্তাহে কঠোর সেনা অভিযানের হুমকি দেয় ইসরায়েল।
সাম্প্রতিক অভিযান শুরুর পর ইসরায়েলিদের হাতে এ পর্যন্ত প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের ৩ সেনা এবং ২ বেসামরিক নাগরিক প্রাণ হারায়।
