বাগদাদে হামলার উদ্দেশ্য সরকার উৎখাত: হোয়াইট হাউজ
বাগদাদে বৃহস্পতিবারের গাড়িবোমা হামলার উদ্দেশ্য ছিল ইরাকি সরকারকে বিপাকে ফেলা। হোয়াইট হাউজ শনিবার এ কথা বলেছে।
এদিকে গত দুই দিনের হামলার পরও পরিস্থিতি মোকাবেলায় ইরাকিদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব কফি আনান।
হোয়াইট হাউজের মুখপাত্র স্কট স্ট্যাঞ্জেল বলেন, ওই হামলার মূল লক্ষ্যই ছিল ইরাকি সরকারকে বিপাকে ফেলা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে উৎখাতের ষড়যন্ত্র চালাচ্ছে হামলাকারীরা । তবে তাদের পরিকল্পনা কখনোই সফল হবে না।
জাতিসংঘের মুখপাত্র ভেস সরকবি জানান, মহাসচিব কফি আনান কঠোর ভাষায় ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা নস্যাতের জন্য ওই ঘৃন্য হামলা চালানো হয়। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য কফি আনান ইরাকি জনগণ এবং রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে মুখপাত্র বলেন।
