আব্বাস ও হামাস সরকার আবারও সংঘাতে
ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে নতুন সরকার গঠনে বাধা দেওয়ার অভিযোগ এনেছে হামাস।
রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে হামাস সরকার এ অভিযোগ করে।
তারা বলছে, অগ্রহণযোগ্য নতুন শর্ত দিয়ে আব্বাস ঐকমত্যের সরকার গঠনে বাধা সৃষ্টি করছেন।
নতুন সরকার গঠনের আগেই গত জুনে অপহৃত এক ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়া এবং ইসরায়েলের ওপর হামাস ও অন্য জঙ্গি সংগঠনগুলোর হামলা বন্ধসহ বেশ কিছু শর্ত আরোপ করেছেন আব্বাস।
এর ফলে হামাস ও আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর মধ্যকার সংঘাতের বিষয়টি আবারও প্রকাশ্যে এলো। এ সংঘাতের কারণে ফিলিস্তিনে একটি নতুন সরকার গঠনে একমত হতে ব্যর্থ হচ্ছে সংগঠন দুটি।
হামাসের বিবৃতিতে বলা হয়, “জনাব আবু মাজেন (আব্বাস) নতুন নতুন এমনসব শর্ত দিতে শুরু করেছেন যা ঐকমত্যের সরকার প্রতিষ্ঠায় দুই পক্ষের মধ্যে যেসব বিষয়ে মতৈক্য হয় তার অন্তর্ভুক্ত নয়।”
“সশস্ত্র প্রতিরোধ স্থগিত করার বিষয়টি এর মধ্যে ছিল না এবং এ বিষয়ে প্রশ্ন তোলার সময়ও এখন নয়। হামাস আগেই ঘোষণা করেছে, ইহুদিবাদের আগ্রাসন ও হত্যাকাণ্ড বন্ধ হলে তারা ইসরায়েলের ওপর রকেট হামলা বন্ধে রাজি আছে।”
