পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নতুন মাত্রার আশ্বাস চীনের
পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও।
শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট এ আশ্বাস দেন।
এদিকে বিমান প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তির আধুনিকায়নে দীর্ঘমেয়াদে পরস্পরকে সহযোগিতা করার বিষয়ে একই দিন দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে পাকিস্তান এয়ারফোর্সের এক বিবৃতিতে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে হু জিনতাও বলেন, পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক সবসময় ভালো থাকলেও এবার নতুন করে এই সম্পর্ক ঝালাই করে নেওয়া হবে। সম্পর্কের এ নতুন মাত্রা এশিয়াকে শান্তির পথে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে পারভেজ মোশাররফ আশা প্রকাশ করে বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।
গত এক দশকের মধ্যে এই প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট পাকিস্তান সফর করলেন। সফরকালে পাকিস্তানের সঙ্গে পরমাণু সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হবে বলে ধারণা করা হলেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তির মুহূর্তে হু জিনতাওয়ের এ সফর পাকিস্তানের জন্য বেশ ইতিবাচক মনে করছেন বিশ্লেষকরা।
মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠাসহ বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে চীন ও পাকিস্তান ইতোমধ্যে ১৮টি চুক্তি স্বাক্ষর করেছে। আন্তঃবাণিজ্য আগামী পাঁচ বছরের মধ্যে ৪২৬ কোটি ডলার থেকে বাড়িয়ে
১৫ শ’ কোটি ডলারে উন্নীত করার ব্যাপারেও আশাবাদী দুই পক্ষ।
এছাড়া চীনের সহায়তায় পাকিস্তানে ইতোমধ্যেই ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরমাণু স্থাপনা নির্মিত হয়েছে। একই ক্ষমতাসম্পন্ন আরো একটি পরমাণু স্থাপনা নির্মাণের কাজও চলছে।
হু জিনতাওয়ের পাকিস্তান সফরকালেই বিমান প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তির আধুনিকায়নে দীর্ঘমেয়াদে পরস্পরকে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ঘোষণা এল।
পাকিস্তান চীন থেকেই সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম সংগ্রহ করে থাকে। নতুন সমঝোতা অনুযায়ী চীন আগাম বিমান সতর্কতা সংক্রান্ত প্রযুক্তির আধুনিকায়নে পাকিস্তানকে সহায়তা করবে। এছাড়া এয়ারক্রাফট তৈরিসহ বিমান সংক্রান্ত অন্যান্য বিষয়েও পরস্পরকে সহযোগিতা করবে তারা।
ফাইটার জেট বিমানের আধুনিকায়নে পাকিস্তান এয়ার ফোর্স চীনা কোম্পানি ক্যাটিচের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
