শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে বাস্তুহারাদের নিয়ে ভারতের উদ্বেগ
দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের কারণে শ্রীলঙ্কায় বাস্তুচ্যুত লাখ লাখ মানুষের ভবিষ্যত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
বৃহস্পতিবার শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দ্র রাজাপাকসের সাথে এক সাক্ষাতকারে এ উদ্বেগ প্রকাশ করেন শ্রীলঙ্কা সফররত ভারতের পররাষ্ট্র সচিব শিব শঙ্কর মেনন।
শ্রীলঙ্কা সরকার এবং কূটনীতিবিদরা শুক্রবার এ খবর জানিয়েছেন।
তামিল গেরিলা ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে চলা সংঘাত ও যুদ্ধের কারণে দেশটির আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে বাধ্য হচ্ছে হাজার হাজার মানুষ।
রাজাপাকসের সাথে বৈঠকে এসব শরণার্থীর মানবেতর জীবন যাপন এবং মানবিক সঙ্কট সৃষ্টির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেন মেনন।
ঘর ছাড়া এই উদ্বাস্তুদের কাছে পর্যাপ্ত ও যথাযথ সাহায্য পৌঁছাতে পারছে না বিভিন্ন তারা-দাতা সংস্থাগুলোর পক্ষ থেকে এ ধরনের অভিযোগ আসার বিষয়টি মেনন রাজাপাকসেকে স্মরণ করিয়ে দেন।
দেশটির অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম রাজনৈতিক সঙ্কটের মুখে এ বছরই সবচেয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে।
উত্তর ও পূর্ব শ্রীলংকায় অপহরণ ও খুন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে নরওয়ের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন। এসব অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তারা।
এদিকে, এ সপ্তাহের শেষের দিকে ‘এশিয়ান মেয়রস কনফারেন্স’ এ যোগ দিতে রাজাপাকসে ভারত সফর করবেন বলে জানা গেছে।
আগামী মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথে বিভিন্ন ইস্যুতে এক বৈঠকে মিলিত হবেন তিনি।
