২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে ২০০৭ এর শুরুতেই সামরিক আইন আংশিক প্রত্যাহার

২০০৭ এর শুরুতে থাইল্যান্ডে সামরিক আইন আংশিকভাবে প্রত্যাহার করা হবে। শুক্রবার দেশটির এক শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের এ কথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Nov 2006, 03:18 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বিনয় পট্টকাল নামে ওই কর্মকর্তা বলেন, জনগণের জন্য নতুন বছরের উপহার হিসেবেই সামরিক আইন প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন সেনা প্রধান।

তবে যেসব স্থানে পরিস্থিতি এখনও অস্বাভাবিক সেখানে সামরিক শাসন বলবৎ থাকবে বলে জানান তিনি।

এ ঘোষণার পরও ঠিক কবে নাগাদ সামরিক শাসন প্রত্যাহার করা হবে তা নিয়ে থাইল্যান্ডের জনগণের সংশয় এখনও কাটছে না।

এর আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনা অভ্যূত্থানের নায়ক সনথি বুনিয়ারাতগ্লিন এ বছরের শেষভাগেই সামরিক আইন প্রত্যাহারের কথা বলেছিলেন।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রথমে তিনি বলেছিলেন, “সামরিক আইন যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাহার করা হবে।”

এ বছরের মধ্যেই এটা হবে কি না-এ প্রশ্নে তিনি তখন জানান, “হ্যাঁ”।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বুনরড সোমট্যাট সাংবাদিকদের বলেন, সামরিক আইন ডিসেম্বরের শেষ ভাগেও প্রত্যাহার হতে পারে, আবার তা জানুয়ারির শুরুতেও প্রত্যাহার হতে পারে।

সুনির্দিষ্ট সময়টি ডিসেম্বরেই স্পষ্ট হবে বলে তিনি জানান।

গত ১৯ সেপ্টেম্বর এক সেনা অভ্যূত্থানে উৎখাত হন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বর্তমানে সেনাবাহিনী মনোনীত একটি সরকার দেশ শাসন করছে।