২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে মারা গেলেন সাবেক গুপ্তচর লিটভিনেনকো

তিন সপ্তাহ লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন রাশিয়ার সাবেক গুপ্তচর আলেকজান্ডার লিটভিনেনকো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Nov 2006, 03:11 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বৃহস্পতিবার রাতে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে মারা যান বিষক্রিয়ায় আত্রান্ত লিটভিনেনকো।

হাসপাতালের মুখপাত্র জিম ডন বলেছেন, “তার দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অচল হয়ে যাওয়ার পাশাপাশি মাথার সব চুল পড়ে যায়।”

চিকিৎসকরা তাকে বাঁচাতে সম্ভব সবরকম চেষ্টাই করেছেন বলে তিনি জানান।

লিটভিনেনকোর দেহে কী ধরনের বিষ প্রয়োগ করা হয়েছিল তা চিকিৎসকরা নিশ্চিত করে বলতে পারেননি।

তিন সপ্তাহ আগে লন্ডনের একটি হোটেলে রাশিয়ার দুই জন কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরপরই লিটভিনেনকো অসুস্থ হয়ে পড়েন।

এদিকে যুক্তরাজ্য পুলিশ বলেছে, তারা প্রাথমিকভাবে এটাকে অজ্ঞাত কারণে মৃত্যু হিসেবে বিবেচনায় নিয়েই তদন্ত শুরু করবে।

বন্ধুদের অভিযোগ, হত্যার জন্যই লিটভিনেনকোর ওপর বিষ প্রয়োগ করা হয় এবং এর পেছনে রুশ সরকারের হাত রয়েছে।

তবে এ অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।

৪৩ বছর বয়সী লিটভিনেনকো স্বদেশে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবেই পরিচিত ছিলেন। তিনি পুতিনের আরেক সমালোচক সাংবাদিক আনা পোলিতকোভাস্কায়ার হত্যার ঘটনারও তদন্ত করছিলেন।

২০০০ সালে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে দেশত্যাগ করে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেন লিটভিনেনকো।